Bartaman Logo
৯ জুন, ২০২৬

হেনস্তার অভিযোগে আত্মহত্যা করলেন এক ছাত্রী, চাঞ্চল্য গ্রেটার নয়ডায়

ওড়িশার বালেশ্বরের পর এবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা

হেনস্তার অভিযোগে আত্মহত্যা করলেন এক ছাত্রী, চাঞ্চল্য গ্রেটার নয়ডায়
  • ১৯ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নয়ডা, ১৯ জুলাই: ওড়িশার বালেশ্বরের পর এবার উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা। আরও এক বিজেপি শাসিত রাজ্যে হেনস্তার অভিযোগে আত্মহত্যা করলেন এক ছাত্রী। কাঠগড়ায় আবার সেই শিক্ষাপ্রতিষ্ঠান। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে। গতকাল, শুক্রবার তাঁর মৃতদেহ ওই বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়। তারপরেই ব্যাপক বিক্ষোভ শুরু হয় হোস্টেল ও বিশ্ববিদ্যালয় চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে ও গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতরা ওই বিশ্ববিদ্যালয়ের কর্মী বলে জানা গিয়েছে।

Advertisement

অভিযোগ, তারাই ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে মানসিক হেনস্তা করত। অপমান করত প্রকাশ্যে। ওই ছাত্রীর ঘর থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। তাতে স্পষ্টত কাঠগড়ায় তোলা হয়েছে ধৃতদেরই। তাদের জন্যই অবসাদে চলে গিয়েছিলেন বলে সুইসাইড নোটে লিখেছেন ছাত্রী। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিস অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাসপেন্ড করেছে তাদের। বিষয়টি খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই নিয়ে হেনস্তার অভিযোগে বিজেপি শাসিত দুই রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানেই আত্মঘাতী হলেন দুই ছাত্রী। কিছুদিন আগেই ওড়িশার বালেশ্বরে বিভাগীয় প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে কলেজ চত্বরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন এক ছাত্রী। যাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওড়িশায়। 

সম্পর্কিত সংবাদ