আচমকা বুকে অসহ্য যন্ত্রণা। তার ফলে তড়িঘড়ি চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয় সুরকার এআর রহমানকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের ঘাটতির কারণে অসুস্থ হয়ে পড়েন শিল্পী। তবে রুটিন কিছু পরীক্ষার পর রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যান রহমান। শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফিরছিলেন তিনি। তখনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন রহমান। শনিবার গভীর রাতে বুকে ব্যথা আরও বাড়ে। রবিবার একদম সকালে তড়িঘড়ি তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে চিকিৎসকদের অনুমান, রমজানের উপবাসের মধ্যে এই দীর্ঘ সফরের ধকল সইতে পারেনি শিল্পীর শরীর। এই কারণেই হয়তো তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। যদিও বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। অস্কারজয়ী সুরকারের পুত্র আমিন বাবার শারীরিক অসুস্থতার খবর শেয়ার করেছেন একটি পোস্টে। তিনি লিখেছেন, ‘বাবা সুস্থ রয়েছেন। তবে তাঁর শরীর এখনও দুর্বল।’ সদ্য স্ত্রী সায়রা বানুর সঙ্গে রহমানের বিচ্ছেদ জল্পনা ছড়িয়েছিল বলি পাড়ায়। তবে একাধিকবার সংবাদমাধ্যমের কাছে সায়রা দাবি করেছিলেন, এই জল্পনা ভিত্তিহীন। রহমান অসুস্থ হতে দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। পাশাপাশি ক্ষোভ উগড়ে দিয়ে সায়রা বলেছেন, ‘আমাদের আইনি বিচ্ছেদ হয়নি। দয়া করে প্রাক্তন বলবেন না।’



