লখনউ: যাত্রা শুরু হয়েছিল বেলজিয়াম থেকে। প্রায় ৬ মাসে দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে উত্তরপ্রদেশে পৌঁছাল বিশালাকার যন্ত্র। পোশাকি নাম ভ্যাকুয়াম বয়েলার। ওজন ২০০ টন। অর্থাৎ ২ লক্ষ কেজি। সমুদ্র পথে ওড়িশার পারাদ্বীপ বন্দরে আসার পর ৩০৮ চাকার বাহুবলী ট্রাকে সওয়ার হয় যন্ত্রটি। তারপর ঝাড়খণ্ড, বিহার অতিক্রম করে পৌঁছয় লখিমপুর খেরির কুম্ভিতে। সেখানে তৈরি হচ্ছে দেশের প্রথম পলিল্যাকটিক অ্যাসিড নির্ভর বায়োপ্লাস্টিক উৎপাদন প্লান্ট। তার জন্য একটি সুগার মিলে ভ্যাকুয়াম বয়লারটি বসানো হবে।
জানা গিয়েছে, রাস্তা দিয়ে ওই যন্ত্রটি নিয়ে যাওয়ার সময় পদে পদে সমস্যার মুখোমুখি হয়েছে ট্রাকটি। বাধ সেঁধেছে ঝাড়খণ্ড, বিহারের সরু রাস্তা, বিদ্যুতের খুঁটি, সেতু। যন্ত্রটিকে এগিয়ে নিয়ে যেতে বারবার বেগ পেয়েছেন আধিকারিকরা। বারাণসীতে ট্রাকটির জন্য রাস্তা ফাঁকা করতে একটি ফুটব্রিজকে সরিয়ে দিতে হয়েছে। ৩০৮ চাকা দিয়ে যাত্রা শুরু করলেও পরে তা ২৪০-এ নামিয়ে আনা হয়। দিনে গড়ে ১০-২০ কিলোমিটার পথ অতিক্রম করেছে ট্রাকটি। গতিবেগ ছিল প্রতিঘণ্টায় ৪-৫ কিলোমিটার। সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে গত ২০ অক্টোবর গন্তব্যে পৌঁছয় যন্ত্রটি। গোটা পথেই সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিশালাকার যন্ত্র ও সেটিকে বহনকারী বাহুবলী ট্রাক। বিভিন্ন জায়গায় সেলফি তুলতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকেও।



