গ্লাসগো: কমনওয়েলথ গেমসে সফলতম দিন ভারতের। সুপার স্যাটারডে’তে ঝুলিতে জমা হল ৮টি সোনা। তার মধ্যে স্রেফ বক্সিং থেকেই এল ৭টি। রিংয়ে সেরার মুকুট হাসিল করলেন প্রীতি পাওয়ার, জেসমিন লম্বোরিয়া, সাক্ষী চোধুরি, প্রিয়া ঘাংঘাস, অরুন্ধতী চৌধুরি, শচীন সিয়োচ, অঙ্কুশ পাঙ্ঘাল। পাশাপাশি প্যারা অ্যাথলেটিকসে দেশের মুখ উজ্জ্বল করলেন সোমন রানা। পুরুষদের এফ-৫৭ বিভাগে শটপাটে সোনা জিতলেন ২২ বছরের সুবেদার। এই ইভেন্টে রুপো পেলেন ভারতেরই শুভম জুয়েল।
গ্লাসগো গেমসের নবম দিনের শুরুতেই বক্সিং রিংয়ে ঝড় তোলেন প্রীতি পাওয়ার। মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে প্রীতি হারিয়েছেন কানাডার স্কারলেট সাভানা ডেলগাডোকে। ৫-০ পয়েন্টে জিতে সোনা পকেটে পোরেন তিনি। এরপরেই রিংয়ে নেমেছিলেন জেসমিন। ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর আয়ারল্যান্ডের মিকায়েলা ওয়ালশকে ৫-০ পয়েন্টে হারান তিনি। তাঁর অনবদ্য টেকনিক ও আগ্রসনের সামনে দাঁড়াতেই পারেননি ২০২২ বার্মিংহাম গেমসের সোনাজয়ী। ২০২২ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৬০ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন জেসমিন। এবার তিনি শুধু পদকের রংই বদলালেন না, এশিয়ান গেমসের আগে প্রত্যাশাও বাড়িয়ে দিলেন দেশবাসীর। ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধুরি ৫-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডের রুবি হোয়াইটকে। রিংয়ে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে সোনা জেতেন তিনি। মহিলাদের ৬০ কেজি বিভাগে প্রিয়া ৪-১ পয়েন্টে জিতেছেন কানাডার মেরি আল-আমাদিয়ের বিরুদ্ধে। রিংয়ে ভারতীয় মহিলাদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে ৭০ কেজি বিভাগে সোনা জয় অরুন্ধতী চৌধুরির। তিনি ৫-০ ব্যবধানে হারান ইংল্যান্ডের চানটেলে রিডকে। পুরুষদের ৬০ কেজি বিভাগে রিংয়ে নেমেছিলেন শচীন। নামিবিয়ার ট্রায়াগাইন নাদেভেলোকে ৩-২ ব্যবধানে হারালেন তিনি। ৮০ কেজিতে পোডিয়াম ফিনিশ অঙ্কুশেরও। ইংল্যান্ডের ডিমিজি সিটুকে ৪-১ পয়েন্টে হারালেন তিনি। এছাড়া বক্সিংয়ে রুপো জিতেছেন যদুমণি সিং, লাভলিনা বড়গোঁহাই। পুরুষদের ৯০ কেজি বিভাগে রুপো পেলেন নরেন্দর বেরওয়াল। ইংল্যান্ডের দামার টমাসের কাছে ০-৫ ব্যবধানে হারেন তিনি।
বক্সিংয়ের পাশাপাশি প্যারা অ্যাথলেটিকসেও ভারতের মুখ উজ্জ্বল করলেন সোমন রানা। এফ-৫৭ বিভাগে শটপাটে তাঁর সোনা জয়ের প্রেক্ষাপট রূপকথাকেও হার মানাবে। কেরিয়ার শুরু করেছিলেন বক্সার হিসেবে। একসময় দেশের অন্যতম সেরা প্রতিভা মানা হত তাঁকে। কিন্তু গোর্খা রাইফেলসের সুবেদার হিসাবে কাশ্মীরে এক অভিযানে গিয়ে সন্ত্রাসবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইনে ডান পা উড়ে যায় সোনমের। তবু জীবনযুদ্ধে হার মানেননি তিনি। হুইলচেয়ারে বসেই প্রবেশ করেন প্যারা অ্যাথলিট দুনিয়ায়। শনিবার কমনওয়েলথ গেমসের সোনা জিতে ৪৩ বছরের সুবেদার প্রমাণ করলেন, প্রকৃত যোদ্ধারা কোনো পরিস্থিতিতেই হার মানতে জানে না।
এদিকে, পুরুষদের ট্রিপল জাম্পেও ভারতের ঝুলিতে জমা হল জোড়া পদক। রুপো ১৬.৫৮ মিটার লাফিয়ে পেয়েছেন প্রবীণ চিত্রাভেল। তাঁর থেকে মাত্র ৬ সেন্টিমিটার কম লাফিয়ে ব্রোঞ্জ পান সেলভা প্রভু। ১৬.৭২ মিটার লাফিয়ে সোনা জেতেন জামাইকার জর্ডন স্কট। পুরুষদের ৫ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক জিতলেন গুরবীর সিং। তিনি সময় নিলেন ১৩ মিনিট ২৪.৯৫ সেকেন্ড। এর আগে ১০ হাজার মিটারে রুপো পেয়েছিলেন তিনি।
চলতি গেমসে ভারতের সংগ্রহে আপাতত ৩৯টি পদক। ১৩টি সোনা ছাড়াও ঝুলিতে ১৭টি রুপো ও ৯টি ব্রোঞ্জ পদক।