সংবাদদাতা, বালুরঘাট: গাঁজার পর এবার কাফ সিরাপ পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিস। শুক্রবার রাতে দক্ষিণ দিনাজপুরের পতিরাম ত্রিমোহিনী রাজ্য সড়কে, ঠাকুরপুরা বাজার এলাকায় চারচাকার একটি পণ্যবাহী গাড়ি আটকে ৬৪৮ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পতিরাম থানার পুলিস। গাড়িটিতে ৬ টি কার্টনে কাফ সিরাপের বোতলগুলি ছিল। গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত গাড়ি চালকের নাম বেল্লাল উদ্দিন মণ্ডল (৩৩)। বাড়ি কুমারগঞ্জের দিওর এলাকায়। ওই চালক গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি থেকে কাফ সিরাপ গাড়িতে তুলেছিল। এক পাচারকারীর হাত থেকে অন্য পাচারকারীর হাতে কাফ সিরাপগুলি দেওয়ার কথা ছিল। হিলি যাওয়ার আগেই ঠাকুরপুরায় পতিরাম থানার ওসি সৎকার সাংবোর নেতৃত্বে পুলিস অভিযানে কাফ সিরাপগুলি আটক করে।
পুলিসের অনুমান, গাড়ি চালকের সঙ্গে হিলির আরও কয়েকজন পাচারকারীর যোগ রয়েছে। শনিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক
ছয় দিনের পুলিস হেফাজতে পাঠান।
ডিএসপি (সদর) বিক্রম প্রসাদ বলেন, কয়েকদিন আগে হিলি থানার পুলিস বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। এবার পতিরাম থানার পুলিস কাফ সিরাপ বাজেয়াপ্ত করল। দুই ঘটনাতেই পাচার রুখে দেওয়া হয়েছে। কাফ সিরাপ পাচারের সঙ্গে আর কারা জড়িত তার তদন্ত শুরু হয়েছে।
দক্ষিণ দিনাজপুর সীমান্ত জেলা। পাশেই বাংলাদেশ। সীমান্ত দিয়ে ব্যাপক হারে পাচার চলে বলে অভিযোগ। হিলি সীমান্ত দিয়ে ওপারে পাচার চলে। জেলার ৫১২ জাতীয় সড়ক ধরে সহজে পাচারের জন্য জিনিসপত্র নিয়ে আসা হচ্ছে সীমান্ত এলাকায়। এই সড়কই এখন পাচারের রুট হয়ে উঠেছে। কারণ, জাতীয় সড়ক হয়ে দ্রুত পতিরাম ত্রিমোহিনী দিয়ে হিলিতে যাওয়া যায়। পুলিস অবশ্য নজরদারি বাড়িয়েছে। কয়েকদিন আগে গাঁজা ধরেছিল পুলিস। নিজস্ব চিত্র