Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁকড়ায় মহিলা সহ ৬ জন বাংলাদেশি আটক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

বাঁকড়ায় এক মহিলা সহ ৬ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তদন্ত চলছে। বিস্তারিত জানুন।

বাঁকড়ায় মহিলা সহ ৬ জন বাংলাদেশি  আটক, পাঠানো হল হোল্ডিং সেন্টারে
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ডোমজুড়ের বাঁকড়া এলাকায় অভিযান চালিয়ে এক মহিলা সহ ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে বাঁকড়া-৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীবপল্লি থেকে একজন এবং মুন্সিডাঙা থেকে আরও পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের ডোমজুড় থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।

Advertisement

আটক ব্যক্তিদের নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। প্রাথমিকভাবে তাঁরা নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করলেও, কোনো বৈধ নথি দেখাতে পারেননি। বরং তদন্তে ধৃতদের কাছ থেকে বাংলাদেশের নথি পাওয়া গিয়েছে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা অন্য কোনো সরকারি নথি তাঁদের কাছে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, কয়েক বছর আগে দালালচক্রের সাহায্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তাঁরা। তদন্তকারীদের দাবি, সীমান্ত অতিক্রম করার পর তাঁরা হাওড়ার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে এবং ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। ধৃতদের মধ্যে কেউ ফেরি করতেন, কেউ বা পরিচারিকা হিসাবে বিভিন্ন এলাকায় কাজ করতেন। পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, দীর্ঘদিন ধরে তাঁরা বাঁকড়া ও সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন। পাশাপাশি এই ঘটনায় কোনো দালালচক্র বা স্থানীয় সহযোগী জড়িত রয়েছে কি না, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের পরিচয় এবং অতীতের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তাঁদের আঙুলের ছাপ নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সংস্থার সঙ্গে তথ্য আদানপ্রদান করা হয়। হাওড়া সিটি পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়ম ও আইন মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ধৃতদের জগৎবল্লভপুরের মুন্সিরহাটের চাঁদনি মোড় সংলগ্ন হোল্ডিং সেন্টারে স্থানান্তর করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে নির্দিষ্ট সময় রাখার পর সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তাঁদের তুলে দেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। জগৎবল্লভপুরের বিজেপি বিধায়ক অনুপম ঘোষ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, সেই প্রক্রিয়া কার্যকর করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ