জয়পুর: সিজারিয়ান অপারেশনের পর কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয়েছে পাঁচ প্রসূতির। গত মাসে রাজস্থানের বিকানেরের পিবিএম হাসপাতালের সেই ঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। সেই ঘটনার সাফাই দিতে গিয়েই বিতর্কে জড়ালেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী গজেন্দ্র সিং। তাঁর সাফাই, ‘মহিলারা আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে এসেছিলেন। প্রিন্সিপাল সাহেব আপনিই বলুন, ওঁরা কী পরিস্থিতিতে হাসপাতালে আসেন? হেঁটে, নাকি নাচতে নাচতে?’ এই মন্তব্য ঘিরেই তুমুল তরজা শুরু হয়েছে রাজস্থানের রাজনীতিতে।
বিকানেরের সবচেয়ে বড়ো সরকারি হাসপাতাল প্রিন্স বিজয় সিং মেমোরিয়াল হাসপাতালের (পিবিএম) ঘটনায় ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অস্ত্রোপচার-পরবর্তী মনিটরিং, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতার অভাব ও নিম্নমানের অক্সিটোসিন ইঞ্জেকশনের কারণেই সিজারিয়ানের পর কিডনি সংক্রান্ত জটিলতার শিকার হন ওই মহিলারা। বৃহস্পতিবার সেই হাসপাতাল পরিদর্শনে গিয়ে মন্তব্যের জেরে বিরোধীদের তোপের মুখে পড়েছেন গজেন্দ্র।
প্রসূতি মৃত্যুর প্রতিবাদে মন্ত্রীর সফরের সময় হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। মন্ত্রীর বিতর্কিত মন্তব্য সম্পর্কে রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা টিকারাম জুলির তোপ, ‘‘স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য শুধু অসংবেদনশীল নয়, মাতৃত্বের অপমান। এই মন্তব্য লজ্জাজনক। অবিলম্বে রাজ্যের সকল নাগরিক ও মহিলাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই মন্তব্যে বিজেপি নেতার চিন্তাভাবনার দৈন্যতাই বেআব্রু হয়ে গেল।’