Bartaman Logo
৯ জুন, ২০২৬

৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল

অশান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা ও ইজরায়েলের হামলার পালটা জবাব দিয়ে চলেছে ইরান। কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন

৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অশান্ত পশ্চিম এশিয়া। আমেরিকা ও ইজরায়েলের হামলার পালটা জবাব দিয়ে চলেছে ইরান। কাতার, বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহিতে ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। এই পরিস্থিতিতে শনিবার থেকেই পশ্চিম এশিয়ার দেশগুলিতে বন্ধ রয়েছে আকাশসীমা। সমস্ত উড়ান পরিষেবা বন্ধ রেখেছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ একাধিক সংস্থা। রবিবারও একই ছবি ধরা পড়ল। এদিন আরও ২২টি উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। এর জেরে এয়ার ইন্ডিয়ার তরফে বাতিল উড়ানের সংখ্যা দাঁড়াল ৫০। অসামরিক পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে রবিবার পর্যন্ত সবমিলিয়ে ৪৪৪টি আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে ভারতীয় বিমানসংস্থাগুলি। তালিকায় রয়েছে মুম্বই-লন্ডন, দিল্লি-বার্মিংহাম, দিল্লি-জুরিখ, দিল্লি-ভিয়েনার একাধিক উড়ান। শুধুমাত্র মুম্বই ও দিল্লি বিমানবন্দরে মোট ২২৫টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। এর মধ্যে মুম্বই বিমানবন্দরে ১২৫টি ও দিল্লিতে ১০০টি। 

Advertisement

এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বিদেশিরা। অধিকাংশ ক্ষেত্রে আমেরিকা ও ইউরোপের দেশগুলিতে যাতায়াতের জন্য পশ্চিম এশিয়ার দেশের আকাশসীমা ব্যবহার করে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে আচমকা উড়ান বাতিল হওয়ায় তাঁদের মাথায় হাত। তবে সবরকমভাবে সাহায্যের আশ্বাসবার্তা দিয়েছে বিদেশ মন্ত্রক। এদিন বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আটকে পড়া বিদেশি যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ভিসার মেয়াদ বৃদ্ধি থেকে শুরু করে সাময়িকভাবে তাঁদের এদেশে থাকার বিষয়টি নিশ্চিত করতে সমস্তরকম সাহায্য করা হবে। এক্ষেত্রে তাঁরা যেন নিকটবর্তী ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে (এফআরআরও) যোগাযোগ করেন।

সম্পর্কিত সংবাদ