Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাড়পত্র চেয়ে ২০ দিনে ৪ হাজার আবেদন, ভাড়াটিয়ার তথ্য অমিল, ১৮৯ বাড়ি মালিককে নোটিস বিধাননগর কমিশনারেটের

বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে হলে প্রত্যেক ভাড়াটিয়াকে আগে ‘পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি) নিতে হবে।

ছাড়পত্র চেয়ে ২০ দিনে ৪ হাজার আবেদন, ভাড়াটিয়ার তথ্য অমিল, ১৮৯ বাড়ি মালিককে নোটিস বিধাননগর কমিশনারেটের
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০

অলকাভ নিয়োগী , বিধাননগর: বাড়ি বা ফ্ল্যাট ভাড়া নিতে হলে প্রত্যেক ভাড়াটিয়াকে আগে ‘পুলিস ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ (পিসিসি) নিতে হবে। শহরের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এমনই নির্দেশিকা জারি করেছিল বিধাননগর কমিশনারেট। সেই নির্দেশিকার মাত্র ২০ দিনের মধ্যে পুলিসের ছাড়পত্রের জন্য সল্টলেক, নিউটাউন, রাজারহাট, এয়ারপোর্ট সহ গোটা বিধাননগর থেকে প্রায় চার হাজার আবেদন পড়েছে। তার মধ্যে সাড়ে তিন হাজার আবেদনকারীকে ছাড়পত্র দেওয়া হয়ে গিয়েছে। এর পাশাপাশি, যাঁদের বাড়িতে আগে থেকেই ভাড়াটিয়া রয়েছেন, অথচ তাঁরা পিসিসি’র জন্য আবেদন করেননি, সেরকম ১৮৯ জন বাড়ি মালিককে নোটিস পাঠিয়েছে পুলিস। তাঁদের বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে তাঁদের ভাড়াটিয়ারা যেন পুলিসি ছাড়পত্রের যেন আবেদন করেন। 

Advertisement

সল্টলেক, সেক্টর ফাইভ, নিউটাউন, রাজারহাট, লেকটাউন, বাগুইআটি, এয়ারপোর্ট, নারায়ণপুর সহ গোটা বিধাননগর কমিশনারেট এলাকায় বাড়ি ও ফ্ল্যাটে ভাড়াটিয়ার সংখ্যা কয়েক হাজার। শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্যের বহু মানুষও এসব এলাকায় ঘর বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন। অনেক মালিক দালাল মারফত ভাড়াটিয়া ঠিক করেন। এমন অনেক ফ্ল্যাট মালিক রয়েছেন, যাঁরা কোনওদিন ভাড়াটিয়াদের চোখেও দেখেননি। ভাড়াটিয়ারা আবার ‘সাব-টেনেন্ট’ বসিয়ে দিচ্ছেন! থানা তো দূরের কথা, বাড়ির মালিকের কাছেই সেই তথ্য থাকে না। বিষয়টি নিরাপত্তার জন্য বিপজ্জনক। সেই কথা মাথায় রেখেই ভাড়াটিয়াদের জন্য ছাড়পত্র চালু করা হয়েছে। এর ফলে পুলিসের কাছে একটি বৈধ ডেটাবেসও থাকবে। যেসব আবেদনকারীর বাড়ি এ রাজ্যে, তাঁরা ২৪ ঘণ্টার মধ্যেই পিসিসি সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। যাঁরা ভিন রাজ্যের, তাঁদের কাছ থেকে স্বঘোষিত পত্র নেওয়া হচ্ছে। তারপর সংশ্লিষ্ট রাজ্যে ভেরিফিকেশন করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাতে কিছুটা সময় লাগছে। বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় বাংলা ও ভিন রাজ্য মিলিয়ে প্রায় আড়াইশো আবেদন বাতিল করা হয়েছে বলে খবর।
বিধাননগরের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডেপুটি পুলিস কমিশনার তৌসিফ আলি আজহার বলেন, ‘নির্দেশিকার মাত্র ২০ দিনেই আমরা ব্যাপক সাড়া পেয়েছি। পিসিসির জন্য চার হাজার আবেদন পড়েছিল। তার মধ্যে সাড়ে তিন হাজার দেওয়া হয়ে গিয়েছে। বাকি আবেদনগুলি খতিয়ে দেখা হচ্ছে। এ রাজ্যের বাসিন্দাদের ২৪-৪৮ ঘণ্টার মধ্যেই সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, পিসিসি’র জন্য কাউকে কোথাও যেতে হচ্ছে না। বাড়িতে বসে অনলাইনেই মিলছে। pcc.wb.gov.in ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাচ্ছে। ওই পুলিসকর্তার বক্তব্য, ‘যাঁদের বাড়িতে পুরনো ভাড়াটিয়া রয়েছেন, সেই বাড়ি বা ফ্ল্যাটের মালিকদের অনুরোধ, আপনাদের ভাড়াটিয়াকে দ্রুত আবেদন করতে বলুন। এই মর্মে ১৮৯জন মালিককে চিহ্নিত করে নোটিসও পাঠানো হয়েছে।’

সম্পর্কিত সংবাদ