Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

সুইজারল্যান্ডে বর্ষবরণের পার্টিতে  ভয়াবহ আগুন, ঝলসে মৃত ৪০

সুইজারল্যান্ডের আল্পস পর্বতের কোলে সাজানো গোছানো ছোট্ট শহর ক্র্যান্স-মন্টানা। বরফাচ্ছন্ন পর্বতের ঢালে স্কি-র অভিজ্ঞতা নিতে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষের ভিড় জমে।

সুইজারল্যান্ডে বর্ষবরণের পার্টিতে  ভয়াবহ আগুন, ঝলসে মৃত ৪০
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বার্ন: সুইজারল্যান্ডের আল্পস পর্বতের কোলে সাজানো গোছানো ছোট্ট শহর ক্র্যান্স-মন্টানা। বরফাচ্ছন্ন পর্বতের ঢালে স্কি-র অভিজ্ঞতা নিতে প্রতি বছর এখানে হাজার হাজার মানুষের ভিড় জমে। স্কি সেরে এখানে বর্ষবরণের পার্টিতে মেতে ওঠা প্রায় অভ্যাসে পরিণত করেছেন ইউরোপের মানুষজন। এবার সেই বর্ষবরণের পার্টিই পরিণত হল বিভীষিকায়। শহরের লে কনস্টিলেশন পানশালায় ইংরেজি বর্ষবরণের উচ্ছ্বাসের মধ্যেই বিপর্যয়। বৃহস্পতিবার ভোরে সেখানে পার্টি চলার সময় বিধ্বংসী অগ্নিকাণ্ড।  ঝলসে মৃত্যু হল কমপক্ষে ৪০ জনের। জখম শতাধিক। মৃতদের অধিকাংশই বিদেশি পর্যটক। তাঁদের মধ্যে দু’জন ফরাসি।  প্রশাসন সূত্রে একথা জানানো হয়েছে। তবে কী থেকে এই আগুন লাগল, তা জানা যায়নি। তবে সুইস পুলিশ সাফ জানিয়েছে, এটা কোনও জঙ্গি হামলা নয়। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ক্র্যান্স-মন্টানাকে নো ফ্লাই জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

Advertisement

স্থানীয় সময় রাত বারোটা পার হতেই লে কনস্টিলেশন পানশালায় বর্ষবরণ শুরু হয়ে যায়। পানশালার বেসমেন্টেই রয়েছে বার অ্যান্ড লাউঞ্জ। রাত দেড়টা নাগাদ হুল্লোড় তখন পুরো দমে। হাজির প্রায় ১৫০ জন। হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে পানশালা। সুইস সংবাদমাধ্যমের দাবি, বাজি থেকেই পার্টিতে বিস্ফোরণ ঘটে। পুলিশ অবশ্য বলেছে, বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ক্র্যান্স-মন্টানার এক চিকিৎসক জানিয়েছেন, রোগীদের অগ্নিদগ্ধ অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে। স্থানীয় কাউন্সিলর মাতিহাস রেনার্ড বলেছেন, এলাকার হাসপাতালগুলির অপারেশন থিয়েটার রোগীতে ভরে গিয়েছে। 
গত মাস থেকে বৃষ্টি হয়নি গোটা এলাকায়। রুক্ষ আবহওয়ার কারণে আগুন লাগতে পারে। তাই আগেভাগেই বর্ষবরণের পার্টিগুলিতে বাজি পোড়ানো নিষিদ্ধ করেছিল পুরসভা। এরপরেও লে কনস্টিলেশন পানশালায় কীভাবে বাজি পোড়ানো হচ্ছিল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। ঘটনার ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, ঘটনার পরেই পানশালা থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া বেরিয়ে আসছে। সুইজারল্যান্ডের ভালাইস ক্যান্টনের প্রসিকিউটর জেনারেল বিয়াট্রিক বিলাউড বলেছেন, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 
ক্র্যান্স-মন্টানার সর্বোচ্চ এলাকার বাসিন্দা ১০ হাজার। আয়তন মাত্র তিন বর্গকিলোমিটার। পুরসভার ওয়েবসাইটে বলা হয়েছে, পর্যটন নির্ভর অর্থনীতি থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। এখন দক্ষ প্রযুক্তিকর্মীদের কাছে এলাকাকে আকর্ষণীয় করতে চাইছে পুর কর্তৃপক্ষ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ