Bartaman Logo
১৭ জুন, ২০২৬

অশান্ত মণিপুরের চুড়াচাঁদপুরে গুলিতে খুন মহিলা সহ ৪ জন

জাতি হিংসা বিধ্বস্ত মণিপুরে ফের অশান্তির কালো মেঘ। এবার চূড়াচাঁদপুর জেলায় আততায়ীদের হামলা। তাদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল চারজনের।

অশান্ত মণিপুরের চুড়াচাঁদপুরে গুলিতে খুন মহিলা সহ ৪ জন
  • ১ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: জাতি হিংসা বিধ্বস্ত মণিপুরে ফের অশান্তির কালো মেঘ। এবার চূড়াচাঁদপুর জেলায় আততায়ীদের হামলা। তাদের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল চারজনের। নিহতের মধ্যে একজন ৭২ বছরের বৃদ্ধা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে চূড়াচাঁদপুর সহ গোটা রাজ্যেই। মণিপুর পুলিস জানিয়েছে, সোমবার চূড়াচাঁদপুর শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে মংজং গ্রামে দুপুর ১ টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে। একটি গাড়িতে করে বেশ কয়েকজন যাচ্ছিলেন। হঠাৎই একদল অজ্ঞাতপরিচয় আততায়ী তাঁদের পথ আটকায়। গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন আরোহীর। ঘটনাস্থলে ছিলেন ৭২ বছরের এক মহিলা। তিনিও গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিস।  নিহতরা হলেন থেংখোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮), সেইখোগিন (৩৪), লেঙ্গোহাও (৩৫) এবং ফালহিং (৭২)। সূত্রের খবর, থেংখোথাং হাওকিপ ওরফে থাহপি জঙ্গি গোষ্ঠী কুকি ন্যাশনাল আর্মির ডেপুটি চিফ ছিলেন। ইউনাইটেড কুকি ন্যাশনাল লিবারেশন আর্মির সদস্যরা এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারে বলে সন্দেহ। প্রসঙ্গত, এই দুই গোষ্ঠীই একে অপরের বিরোধী। যদিও কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিস ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে, ইম্ফল উপত্যকার ফুগাকচাও ইখাই গ্রামে রাজ্যের সাংসদ আকোইজাম বিমল আঙ্গোমচাকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। কংগ্রেস সাংসদের অভিযোগ, মেইতেই বহুল ওই গ্রামে তাঁকে যেতে বাধা দেয় নিরাপত্তা বাহিনী। এই এলাকা তাঁর সংসদীয় ক্ষেত্রের মধ্যেই পড়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ