Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৩৫ নতুন মন্ত্রী শুভেন্দুর ক্যাবিনেটে, আজ শপথ

প্রত্যাশা মতো আজ, সোমবার সম্প্রসারিত হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সমাজমাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন।

৩৫ নতুন মন্ত্রী শুভেন্দুর ক্যাবিনেটে, আজ শপথ
  • ১ জুন, ২০২৬ ০৪:০০

রাজু চক্রবর্তী, কলকাতা: প্রত্যাশা মতো আজ, সোমবার সম্প্রসারিত হচ্ছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার সমাজমাধ্যমে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন। তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। ৩৫ জন মন্ত্রী আজ সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।’ গত ৯ মে রবীন্দ্র জয়ন্তীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ ছ’জন মন্ত্রী জন শপথ নিয়েছিলেন। আজকের শপথগ্রহণের রাজ্য মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াবে ৪১ জনে। বিধি অনুযায়ী, মোট বিধানসভা আসনের ১৫ শতাংশ সদস্য মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। সেক্ষেত্রে শুভেন্দুবাবুর ক্যাবিনেটে আরও তিনজন মন্ত্রীর চেয়ার ফাঁকা রইল। আজ পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন ১২ জন বিজেপি বিধায়ক। তিনজন গেরুয়া এমএলএ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পাবেন। একইসঙ্গে ১৯ জন জনপ্রতিনিধি হচ্ছেন প্রতিমন্ত্রী।

Advertisement

পূর্ণমন্ত্রীর তালিকায় রয়েছেন দীপক বর্মন, তাপস রায়, মনোজ ওঁরাও, অর্জুন সিং, গৌরীশংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম। এছাড়াও বাকি পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেবেন স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখোপাধ্যায়, অরূপ দাস, অজয় পোদ্দার ও দুধকুমার মণ্ডল। রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্বে আসতে চলেছেন বাছাই করা এই একডজন বিজেপি বিধায়ক। এর মধ্যে উল্লেখযোগ্য—পূর্ত, শিল্প, পরিবহণ, কৃষি, জনস্বাস্থ্য কারিগরি, স্বাস্থ্য, শিক্ষা, সেচ, বিদ্যুৎ সহ একঝাঁক দপ্তর। দলীয় আনুগত্য, অতীত প্রশাসনিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত ক্যারিশমা—এই তিন বিবেচ্য বিষয়গুলি পর্যালোচনা করে এই ১২ পূর্ণমন্ত্রীর তালিকা তৈরি করা হয়েছে। অন্যদিকে, কয়েকটি দপ্তর পেতে চলেছে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সেখানে তিনজনের নাম রয়েছে। তাঁরা হলেন, মালতিরাভা রায়, রাজেশ কুমার ও ইন্দ্রনীল খাঁ। তাঁরা রাজ্য প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ বিভাগের মাথায় বসতে চলেছেন।
রাজভবনে শপথের জন্য আমন্ত্রণ পেয়েছেন আরও ১৯ জন বিধায়ক। তাঁরা রাজ্যের পরবর্তী প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। এই তালিকায় উল্লেখযোগ্য—আউশগ্রামের এমএলএ কলিতা মাঝি। পেশায় পরিচারিকা এই মহিলা বিজেপি নেত্রী দীর্ঘদিনের লড়াই-সংগ্রামের স্বীকৃতি পেতে চলেছেন। দলের আদিবাসী মোর্চার সভাপতি জুয়েল মুর্মুও আজ প্রতিমন্ত্রী শপথ নেবেন। ভারতের জাতীয় ক্রিকেট দলের সদস্য তথা বাংলার রনজিজয়ী ক্রিকেটার অশোক দিন্দাকে এবার দেখা যাবে মন্ত্রীর নয়া অবতারে। এই তালিকায় আরও নাম রয়েছে, আনন্দময় বর্মন, নদেরচাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাইয়ের। প্রাক্তন শিল্পমন্ত্রী শশী পাঁজাকে হারিয়ে প্রথমবারের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী প্রতিমন্ত্রী হচ্ছেন। এছাড়াও এই সারিতে রয়েছেন, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা ও সুমনা সরকার। যদিও পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভায় শংকর ঘোষ কিংবা বঙ্কিম ঘোষের নাম নিয়ে জোর চর্চা চলছে। পরে আরও ৩ জন ক্যাবিনেটে যোগ দিতে পারেন। 

সম্পর্কিত সংবাদ