Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্য মন্ত্রিসভায় আরও ৩৫ সদস্যের শপথগ্রহণ, দপ্তর বণ্টন কাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬ থেকে একলাফে বেড়ে হল ৪১। গত ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন।

রাজ্য মন্ত্রিসভায় আরও ৩৫ সদস্যের শপথগ্রহণ, দপ্তর বণ্টন কাল
  • ২ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬ থেকে একলাফে বেড়ে হল ৪১। গত ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছিলেন। সোমবার লোকভবনে আরও ৩৫ জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিলেন। রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। এদিন শপথ নিলেন ১৩ জন পূর্ণমন্ত্রী, তিন জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। সব মিলিয়ে শুভেন্দু মন্ত্রিসভায় সাত জন মহিলা প্রতিনিধি জায়গা করে নিলেন। শপথগ্রহণ পর্ব মিটলেও এদিন মন্ত্রীদের দপ্তর বণ্টন হয়নি। সূত্রের খবর, কাল বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। সেদিনই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করা হবে। সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন মন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আমার পূর্ণ বিশ্বাস, আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর দিক নির্দেশনা এবং শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে গঠিত ডবল ইঞ্জিন সরকারের অংশ হিসাবে নিষ্ঠা, সমর্পণ ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করবেন। সোনার বাংলা গড়ার সংকল্প বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

Advertisement

এদিন সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সকাল সাড়ে ৯টা নাগাদ সবার প্রথম সেখানে হাজির হন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং। তারপর একে একে ভাবী মন্ত্রীরা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে ঢুকতে শুরু করেন। অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক বিদেশি দূতাবাসের প্রতিনিধি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। একলপ্তে চার-পাঁচজন বিধায়ক মন্ত্রগুপ্তির শপথ নেন। পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নেন অর্জুন সিং, তাপস রায়, শংকর ঘোষ, দীপক বর্মন, গৌরীশংকর ঘোষ, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, অরূপ দাস, দুধকুমার মন্ডল, অজয় পোদ্দার, জগন্নাথ চট্টোপাধ্যায়, শারদ্বত মুখোপাধ্যায়, মনোজকুমার ওঁরাও। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নেন মালতি রাভা রায়, ইন্দ্রনীল খাঁ এবং রাজেশ মাহাত। এরপর জোয়েল মুর্মু, হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, নদীয়ার চাঁদ বাউরি, বিশাল লামা, শান্তনু প্রামাণিক, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, পূর্ণিমা চক্রবর্তী, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামি, অমিয় কিস্কু, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ, বিরাজ বিশ্বাস, দীপঙ্কর জানা এবং সুমনা সরকার প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।  
এদিনই নয়া মন্ত্রীদের জন্য সরকারি গাড়ি বরাদ্দ করা হয়। বেশিরভাগ মন্ত্রী অনুষ্ঠান শেষে সরকারি গাড়িতেই বাড়ি ফেরেন। এক ঘণ্টার সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে লোকভবনের তরফে সামান্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল। নয়া মন্ত্রী ও তাঁদের সঙ্গে আসা পরিবারের লোকজন অংশ নেন। সম্পূর্ণ নিরামিষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল। মেনুতে ছিল স্পেশ্যাল চাট, রাধাবল্লভী, চানামশলা, পনির, খিচুড়ি, বড়া, উত্তপম, হরেক রকমের মিষ্টি ও ফলের স্যালাড। ছিল চা-কফি-ঠান্ডা পানীয়। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সবাইকে এক হয়ে নতুন বাংলা গঠনের লক্ষ্যে কাজ করার বার্তা দেন। এদিনের অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের বাছাই করা কয়েকজন আমলা ও পুলিশ আধিকারিক আমন্ত্রিত ছিলেন। মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত ও স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষকে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। বিধানসভার স্পিকার রথীন বসুকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকতে দেখা গিয়েছে।

সম্পর্কিত সংবাদ