নয়াদিল্লি: ইরান-ইজরায়েল সংঘাতের আঁচ পড়েছে ভারতেও। ইতিমধ্যে ইরানে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে শুরু হয়েছে অপারেশন সিন্ধু। রবিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইরান থেকে এখনও পর্যন্ত মোট ১,৪২৮ জনকে ফেরানো হয়েছে। তাঁদের মধ্যে এদিন ফিরেছেন ৩১১ জন। ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ইরানের মাহশাদ শহর থেকে তাঁদের ফেরানোর কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ইরানের পাশাপাশি ইজরায়েল থেকেও নাগরিকদের দেশে ফেরাচ্ছে ভারত।
এই মুহূর্তে ইজরায়েলে রয়েছেন ১৮ হাজারের বেশি ভারতীয়। তাঁদের ফেরাতে একাধিক ব্যবস্থা নিয়েছে তেল আভিভের ভারতীয় দূতাবাস। এদিন দূতাবাসের তরফে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের দূতাবাসের পোর্টালে নাম নথিভুক্ত করার আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে আরও কিছু পদক্ষেপ নিয়েছে দূতাবাস। ২৪ ঘণ্টার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু এবং ইমেলেও যোগাযোগ করতে পারবেন আটকে পড়া ভারতীয়রা। দিল্লিতে নিযুক্ত ইজরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ভারতীয়রা আমাদের কাছে অতিথি। তাঁদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের দেশে ফেরাতে সহযোগিতা করছি।
এদিকে, ইরান থেকে দিল্লিতে ফিরে সেখানকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ভারতীয়। আদিম আসগর নামে ওই ব্যক্তি জানিয়েছেন, ইরানে সন্ধ্যা নামলেই ধেয়ে আসত মিসাইল। পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান দূতাবাসের কর্মীরা। ফারজানা আবদি নামে আর এক ভারতীয় বলেন, সাইরেন বাজলেই আমরা ভয়ে কাঁপতাম। এখন দেশে ফিরতে পেরে আমরা খুশি।