নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় ঠাকুর দেখতে মহানগরীর লাগোয়া একাধিক জেলা থেকে লাখ লাখ মানুষের ঢল নামে। বিরাট সংখ্যক ওই জনতার অন্যতম ভরসা লোকাল ট্রেন। এক্ষেত্রে শিয়ালদহ ডিভিশনে এই সময় যাত্রীদের বাড়তি চাপ তৈরি হয়। একথা মাথায় রেখে পুজোয় যাত্রীস্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সপ্তমী থেকে ২ অক্টোবর টানা ছয়দিন ৩১টি স্পেশাল ট্রেন চালাবে রেল। যার মধ্যে শিয়ালদহ মেইন ও নর্থ সেকশনে চলবে ১৯টি পরিষেবা। বাকি ১২টি স্পেশাল ট্রেন সার্ভিস মিলবে শিয়ালদহ দক্ষিণ সেকশনে। সংশ্লিষ্ট রুটে চলবে ট্রেনগুলি শিয়ালদহ-রানাঘাট-নৈহাটি-শিয়ালদহ (৬টি পরিষেবা) রাত ৯টা ৪০ মিনিট থেকে ভোর ৩টে ১০ মিনিট। শিয়ালদহ-কল্যাণী-শিয়ালদহ (৪টি পরিষেবা) রাত ৯টা ১০ মিনিট থেকে রাত ২টো ৫৫ মিনিট। বনগাঁ-বারাসত-শিয়ালদহ (৪টি পরিষেবা) ১০টা ২০ মিনিট থেকে ভোর সাড়ে চারটে। রানাঘাট-নৈহাটি-কৃষ্ণনগর (৫টি পরিষেবা) রাত পৌনে ১২টা থেকে ভোর ৪টে ৫৫ মিনিট। অন্যদিকে, সাউথ সেকশনে স্পেশাল সার্ভিসগুলি হল শিয়ালদহ-বারুইপুর (৬টি পরিষেবা) রাত ১১টা ৪০ মিনিট থেকে ভোর সাড়ে ৪টে। শিয়ালদহ-বজবজ (৬টি পরিষেবা) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে ৪০ মিনিট। এদিকে, বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জন্য খুলে গেল শিয়ালদহ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া প্রবেশপথ প্রফুল্লদ্বার। প্রায় সাতবছর বন্ধ থাকার পর নতুন করে এই দ্বার তৈরি করে সাধারণের জন্য উৎসর্গ করা হল। পুজোর আগে যাত্রী ঢোকা-বেরোনোর জন্য এই পথ বিশেষ কার্যকর হবে বলে মনে করছেন রেল কর্তারা।



