Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাংলাদেশিকে জাল নথি তৈরিতে সাহায্য, হিলিতে পুলিসের জালে ব্যাঙ্ককর্মী সহ ৩

বাংলাদেশিকে জাল নথি তৈরিতে সাহায্য, হিলিতে পুলিসের জালে ব্যাঙ্ককর্মী সহ ৩
  • ৭ মার্চ, ২০২৫ ১১:০৩
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: বাংলাদেশের এক নাগরিককে ভারতের আধার ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে পুলিস এক ব্যাঙ্ক কর্মীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় পুলিস ওই বাংলাদেশি যুবক ও তার আশ্রয়দাতাকেও পাকড়াও করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনীতে। 

Advertisement

প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, শ্যাম সাহা নামে ওই বাংলাদেশি যুবক বছর খানেক আগে অবৈধভাবে ভারতে আসে। সে ত্রিমোহীনির বাসিন্দা অমৃত দাস নামে এক ব্যক্তির মাছের হ্যাচারিতে কাজে যোগ দেয়। সেখানেই দীর্ঘদিন ধরে কাজ করছিল। ওই যুবকের সঙ্গে পরিচয় হয় অলোক পাল নামে এক ব্যাঙ্ক কর্মীর। সে ত্রিমোহিনীর কিশমতদাপট এলাকার বাসিন্দা। অভিযোগ,অলোক শ্যামের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে ভুয়ো নথির মাধ্যমে আধার ও প্যান কার্ড তৈরি করে দেয়। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে পুলিস বাংলাদেশের ওই নাগরিক শ্যাম সাহা, ব্যাঙ্ক কর্মী অলোক পাল ও অমৃত দাসকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। কিছুদিন আগেই ভুয়ো আধার ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার অভিযোগে ত্রিমোহীনির কিশমতদাপট থেকে এক শিক্ষককে পুলিস গ্রেপ্তার করেছিল। সেই মামলা এখন চলছে। 
দক্ষিণ দিনাজপুরের ডেপুটি পুলিস সুপার বিক্রম প্রসাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা একটি অভিযান চালিয়ে আমরা এক ব্যাঙ্ক কর্মী সহ তিন জনকে গ্রেপ্তার করেছি। বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার অভিযোগে আমরা এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে অমৃত দাস ত্রিমোহিনী এলাকায় আসেন। তাঁকে এলাকায় অনেকেই চেনে না। হঠাৎ করে তিনি ফুলে ফেঁপে ওঠেন। ত্রিমোহিনীতে কীভাবে বাংলাদেশি নাগরিকরা আশ্রয় নিয়ে এদেশের ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড তৈরি করছে তা নিয়ে পুলিস তদন্ত শুরু করেছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ