নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রর বাড়ির কাছে একাধিক বাড়িতে চুরির ঘটনা হয়েছে। সোমবার গভীর রাতে উল্লাস উপনগরীতে তিনটি বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা। বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে দুষ্কৃতীরা হানা দেয়। একটি বাড়ি থেকে বেশ কিছু সামগ্রী চুরি যায়। পুলিশ জানিয়েছে, একটি বাড়ি থেকে চুরি যাওয়ার কথা জানা গিয়েছে। অন্য বাড়িগুলি থেকেও কী চুরি হয়েছে, তা দেখা হয়েছে। দু’নম্বর গেটের তিন ও চার নম্বর স্ট্রিটে চুরি হয়েছে। ওই এলাকাতেই মন্ত্রী থাকেন। ‘হাইপ্রোফাইল’ এই এলাকায় চুরি হওয়ায় উল্লাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ এদিন ঘটনার তদন্তে আসে।
স্থানীয়রা বলেন, মন্ত্রীর এলাকায় নিরাপত্তা জোরদার হওয়া উচিত। স্থানীয়রা বলছেন, উল্লাসে রাতের দিকে যে কেউ ঢুকতে পারে। প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী নেই। যাঁরা রয়েছেন, তাঁদের সব দিকে নজর দেওয়া সম্ভব নয়। উল্লাসে রেল লাইনের পিছনের দিক থেকেও যে কেউ ঢুকতে পারে। পুলিশ জানিয়েছে, উপনগরীতে সিসি ক্যামেরার নজরদারি রয়েছে। দু’নম্বর গেটে সর্বক্ষণ নিরাপত্তাকর্মী থাকেন। দুষ্কৃতীরা মূল গেটে দিয়ে ঢোকেনি বলে পুলিশের অনুমান। সিসি ক্যামেরার ফুটেজ তদন্তকারীরা খতিয়ে দেখছেন। দুষ্কৃতীরা পিছনের দিক থেকে ভিতরে ঢুকেছিল বলে তদন্তকারীরা মনে করছেন। স্থানীয়রা বলছেন, উল্লাসে বহু বাড়ি ফাঁকা থাকে। বাড়ির মালিকরা বাইরে থাকেন। সেই সুযোগে দুষ্কৃতীরা লুট করেছে। একটি বাড়ির কাছে থেকে মদের বোতল, গ্লাস উদ্ধার হয়েছে। দুষ্কৃতীরা সেখানে বসে মদ্যপানও করে বলে স্থানীয়দের অনুমান। তারা আরও একটি বাড়ির গেট কেটে ভিতরে ঢোকার চেষ্টা করে। তবে লুট করতে পারেনি।



