Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল বঙ্গের ৩ খুদে

নয়াদিল্লিতে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা শিশুশিল্পী হলেন ঋদ্ধিমান, গীতশ্রী ও তপোময়। তাদের সাফল্য নিয়ে বিস্তারিত পড়ুন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উজ্জ্বল বঙ্গের ৩ খুদে
  • ১৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কংক্রিটের জঙ্গলের ছায়ায় এক বস্তিতে বেড়ে ওঠা তিন শিশু। বাবিন, ডলি আর টায়ার। তাদের অবাস্তব ইচ্ছা আর বাস্তবের কঠিন মাটি শেখায়, স্বপ্ন দেখতে ক্ষতি নেই। ‘অঙ্ক কি কঠিন’ ছবি যে স্বপ্নপূরণের গল্প বলেছিল, তা-ই যেন বাস্তবে প্রতিফলিত হল শনিবার সন্ধ্যায়। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরা শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত ছবির তিন খুদে— ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়, গীতশ্রী চক্রবর্তী ও তপোময় দেব। ‘এই সাফল্য ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই। পুরো কৃতিত্ব ওই তিন খুদের’, উচ্ছ্বাস ধরা পড়ল পরিচালক সৌরভ পালোধির গলায়। অঞ্জন দত্ত পরিচালিত ‘চালচিত্র এখন’ সেরা বাংলা সিনেমা বিভাগে পুরস্কৃত। মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ্য এই সিনেমা। খবর শুনে পরিচালক বললেন, ‘জাতীয় পুরস্কার অনেক বড়ো ব্যাপার। মনোনয়নের জন্য যখন ছবি পাঠিয়েছিলাম, তখন প্রত্যাশা তো ছিলই। তবে বেঁচে থাকলে এই জয়ে সবচেয়ে বেশি খুশি হতেন মৃণালদা।’ শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে ঘোষিত হল জাতীয় পুরস্কার। প্রখ্যাত পরিচালক জয়রাজের নেতৃত্বে ১১ সদস্যের জুরি বোর্ড এ বছরের বিজয়ীদের নির্বাচন করেছে। এদিন মোট ৪৩টি জাতীয় পুরস্কার ঘোষিত হয়েছে। জাতীয়তাবাদ, দেশপ্রেমের মতো বিষয়ে নির্মিত ছবিই গত কয়েক বছর ধরে পুরস্কারপ্রাপ্তির তালিকায় প্রাধান্য পেয়েছে। এবারও তার অন্যথা হয়নি। সেরা সিনেমার পুরস্কার পেয়েছে আদিত্য ধর পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’। এই ছবির জন্যই সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম। যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন মামুট্টি (ব্রহ্মযুগম) ও কার্তিক আরিয়ান (চন্দু চ্যাম্পিয়ন)। কয়েক বছর প্রতিযোগিতার মূল বিভাগে দক্ষিণী ছবির রমরমাই চোখে পড়ত। তবে এ বছর এগিয়ে বলিউডই। এদিকে, ‘আমরণ’ ছবির জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রাজকুমার পেরিয়াসামি। সেরা জনপ্রিয় ছবি ‘কল্কি: ২৮৯৮ এডি’। নবাগত পরিচালকের ছবি হিসাবে পুরস্কৃত রণদীপ হুডার ‘স্বাতন্ত্র্য বীর সাভারকর’। ‘ক্যাপ্টেন মিলার’ ছবির জন্য স্পেশাল মেনশন পেয়েছেন ধনুষ। সেরা হিন্দি ছবির বিভাগে জয়ী রাজকুমার রাও অভিনীত ‘শ্রীকান্ত’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ