দেগঙ্গায় গেস্ট হাউসে হামলার অভিযোগে ধৃত ৩ পদ্ম-কর্মী
  • ৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গেস্ট হাউসে হামলার অভিযোগে গ্রেপ্তার তিন বিজেপি কর্মী। দেগঙ্গার কালিয়ানি বিল এলাকার ঘটনায় ধৃত বিজেপি কর্মীরা হলেন অঙ্কুশ কাহার, সুব্রত ঘোষ ও বিজয় বিশ্বাস। শুক্রবার তাঁদের বারাসত আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

মধুচক্র চালানোর অভিযোগ তুলে দিনকয়েক ধরে গেস্ট হাউসটি বন্ধের দাবিতে সরব হয়েছিল গ্রামবাসীদের একাংশ। মঙ্গলবার রাতে সেখানে পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে যান বিজেপির কর্মী-সমর্থকরাও। গেস্ট হাউস বন্ধের দাবিতে সোচ্চার হন তাঁরা। এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বচসা হয়। পরে তা হাতাহাতি ও ভাঙচুর পর্যন্ত গড়ায়। গেস্ট হাউস কর্তৃপক্ষের অভিযোগ, মধুচক্রের অভিযোগকে সামনে রেখে তাঁদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। সেই টাকা দিতে অস্বীকার করায় হামলা চালানো হয়। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিজেপির তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বক্তব্য, ওইদিন রাতে হামলার সঙ্গে তাঁরা যুক্ত নন। এলাকায় অশান্তি হয়েছিল, তাই তাঁরা দেখতে গিয়েছিলেন। তাঁরা মারধর বা ভাঙচুরের ঘটনায় জড়িত নন।