Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদুড়িয়া পুরসভার চেয়াম্যানের পাটক্ষেতে উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা,  চলল রাতভর মেশিনে গণনা

পাটের জমি খুঁড়তেই বেরিয়ে এল বস্তা বস্তা ৫০০ টাকার নোট, ট্রলি ব্যাগ ভর্তি টাকা আর সোনার গয়না।

বাদুড়িয়া পুরসভার চেয়াম্যানের পাটক্ষেতে উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা,  চলল রাতভর মেশিনে গণনা
  • ২৮ মে, ২০২৬ ১৩:২৪

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পাটের জমি খুঁড়তেই বেরিয়ে এল বস্তা বস্তা ৫০০ টাকার নোট, ট্রলি ব্যাগ ভর্তি টাকা আর সোনার গয়না। দুর্নীতি মামলায় ধৃত বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের দেখানো জায়গা থেকেই কোটি কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টাকার সঙ্গে একাধিক নথি ও সোনার গয়নাও  পাওয়া গিয়েছে। বুধবার রাতেই উদ্ধার হওয়া টাকা গণনার কাজ শুরু করেন পুলিশ ও ব্যাংকের আধিকারিকরা। মেশিন দিয়ে সারারাত চলে গণণার কাজ। ব্যাবহার করা হয় একাধিক টাকা গোনার মেশিন। 

পুলিশের একটি সূত্রের দাবি, মোট উদ্ধার হয়েছে ২ কোটি ২৪ লক্ষ টাকা। তদন্তকারীদের একাংশের অনুমান, মাটির নিচে আরও সম্পত্তি লুকানো থাকতে পারে। সেই সূত্র ধরে জিজ্ঞাসাবাদ চলছে ধৃত পুরপ্রধানকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।   

এর আগে রবিবার গভীর রাতে পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পুড়া এলাকায় তৃণমূলের পার্টি অফিস ও সংলগ্ন বাগানবাড়ি থেকে ভ্যানে করে সরকারি ত্রিপল সরানো হচ্ছিল। অফিসের সামনে বান্ডিল বান্ডিল নথিও পোড়ানো হচ্ছিল প্রমাণ লোপাটের জন্য। স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশে।  বাদুড়িয়া থানার পুলিশ পৌঁছালে চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য ও তার লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ৪ হাজার সরকারি ত্রিপল, কম্বল, শাড়ি, মশারি উদ্ধার হয়। 

সোমবার রাতে একটি হোটেল থেকে গ্রেফতার হন দীপঙ্কর ভট্টাচার্য। জেরায় দীপঙ্কর জানান, বাটুলডাঙ্গা এলাকার পাটক্ষেতে মাটির নিচে টাকা পোঁতা আছে। বুধবার দুপুরে তাকে সঙ্গে নিয়েই ওই জমিতে পৌঁছায় বাদুড়িয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শ্রমিক লাগিয়ে মাটি খুঁড়তেই একে একে বেরোয় ৪টি ট্রলি ব্যাগ, ১টি বস্তা, প্লাস্টিকের ড্রাম ও স্যুটকেস। সবগুলোতেই ঠাসা ৫০০ টাকার বান্ডিল। সঙ্গে সোনার গয়না। এই ঘটনায় দীপঙ্করের  ছায়াসঙ্গী শামিম গাজীকেও বাটুলডাঙ্গা থেকে গ্রেফতার করা হয়েছে। 

সম্পর্কিত সংবাদ