হায়দরাবাদ: মাওবাদী দমনে বড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিস। গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ সংগঠনের ২০ জন সদস্যকে। উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রশস্ত্রও। তেলেঙ্গানার মুলুগু জেলার পুলিস সুপার সাবারিশ পি জানিয়েছেন, কানাইগুড়াম থানা এলাকার ভেঙ্কটাপুরম, ওয়াজিডুতে নাকা চেকিং ও তল্লাশি চলেছে। এই অভিযানেই ধরা পড়ে মাওবাদীরা। ধৃতদের মধ্যে একজন সংগঠনের ডিভিশন কমিটির সদস্য। পাঁচজন এরিয়া কমিটির সদস্য। পুলিস সূত্রে খবর, সম্প্রতি ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানা লাগোয়া কারেগুট্টা হিলসে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়েছে সিআরপিএফ ও ছত্তিশগড় পুলিস। তাতেই মেলে সাফল্য। গ্রেপ্তার করা হয় ২০ জন মাওবাদীরকে। তাদের থেকে তিনটি ৫.৫৬ মিমি ইনসাস রাইফেল, চারটি ৭.৬২ এমএম এসএলআর রাইফেল, চারটি ৮ এমএম রাইফেল, দু’টি তাজা গ্রেনেড ও বেশ কিছু ম্যাগাজিন বাজেয়াপ্ত হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।



