সংবাদদাতা, তারকেশ্বর: প্রায় ৯ মাস আগে শুরু হয়েছিল তারকেশ্বরের প্রবেশদ্বার বাজিতপুর চৌমাথা থেকে চাউলপট্টি মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ। কিন্তু দীর্ঘ কয়েক মাস বন্ধ রয়েছে সেই কাজ। দ্রুত রাস্তাটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তারকেশ্বরের প্রবেশদ্বার থেকে চাউলপট্টি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয় চলতি বছরের প্রথম দিকে। প্রায় দুই কিলোমিটার রাস্তায় বসছে পেভার ব্লক। চওড়া হচ্ছে রাস্তা। খরচ পড়ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। এই রাস্তায় রনের খালের ওপর তৈরি সেতু ব্রিটিশ আমলের বলে জানা যায়। পরবর্তী সময়ে বেশ কয়েকবার মেরামতি হয়েছে। বয়সের ভারে জরাজীর্ণ হয়ে পড়েছে এই সেতু। শ্রাবণ মাসে এই রাস্তায় পুণ্যার্থীদের দীর্ঘ লাইন থাকে। রাস্তা নির্মাণের জন্য তিনটি পুরনো সেতু ভেঙে নতুনভাবে তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই একটি সেতু তৈরির কাজ শেষ হয়েছে। সেতুগুলি চওড়া প্রায় ২৩ ফুট। রাস্তা ১৬ ফুট চওড়া হচ্ছে। চৈত্র মাসে গাজন মেলা শেষে শুরু হয় রাস্তার কাজ। কিন্তু রাস্তার একাংশ ও দুটি সেতু তৈরির কাজ এখনও অসমাপ্ত। তারকেশ্বরের ঐতিহ্যবাহী মেলা, পুজো সহ একাধিক কারণে বারে বারে বন্ধ রাখতে হয়েছে এই কাজ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিভিন্ন উৎসব ও একাধিক কারণে দুই কিলোমিটার রাস্তা তৈরি করতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। থানার সামনে অসমাপ্ত রাস্তায় দুই চাকার যানবাহন বিপজ্জনকভাবে চালাতে হয়। এখন কাজ করার উপযুক্ত সময়। এরপর বিভিন্ন পরীক্ষা শুরু হবে, তারপর ভোট। তাই দ্রুত কাজ শেষ করার আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে।
এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায় জানান, পুজোর পরেই রাস্তা ও সেতু তৈরির কাজ শুরু হওয়ার কথা ছিল। নির্মাণ সংস্থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ ও দেওয়া আছে। দ্রুত কাজ শুরু করার জন্য নির্মাণ সংস্থাকে
জানানো হবে।