Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

দুর্গম গলওয়ান উপত্যকা জয়ে এবার অভিযানে ১৫ বাঙালি, লক্ষ্য চ্যাং চেনমো শৃঙ্গ আরোহণ

পর্বতারোহণের ক্ষেত্রে দেশের অন্যতম দুর্গম এবং প্রায় অনাবিষ্কৃত এক অঞ্চলে অভিযানে যাচ্ছে ‘সোনারপুর আরোহী’।

দুর্গম গলওয়ান উপত্যকা জয়ে  এবার অভিযানে ১৫ বাঙালি, লক্ষ্য চ্যাং চেনমো শৃঙ্গ আরোহণ
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্বতারোহণের ক্ষেত্রে দেশের অন্যতম দুর্গম এবং প্রায় অনাবিষ্কৃত এক অঞ্চলে অভিযানে যাচ্ছে ‘সোনারপুর আরোহী’। লাদাখের প্যাংগং লেকের উত্তর-পূর্বে এবং সাউথ ইস্টার্নমোস্ট কারাকোরাম রেঞ্জে অবস্থিত চ্যাং চেনমো শৃঙ্গ (৬,৫০৬ মিটার) জয় করাই পর্বতারোহীদের লক্ষ্য। উল্লেখযোগ্য বিষয় হল, এই শৃঙ্গটি ভারতের উত্তর সীমান্তে আকসাই চীন সংলগ্ন চ্যাং চেনমো উপত্যকা এবং গলওয়ান উপত্যকার দক্ষিণে অবস্থিত। এই উপত্যকার পাশ দিয়েই একসময় ভারত থেকে চীনের শিনজিয়াং যাওয়ার ‘সিল্ক রুট’ ছিল। কিন্তু উনবিংশ শতকের শেষ দিকে এই বাণিজ্যপথ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই অঞ্চলে কার্যত কারও পা পড়েনি। শুধু চ্যাং চেনমো নয়, এই অঞ্চলে অবস্থিত বহু শৃঙ্গই এখনও পর্যন্ত কেউ সাফল্যের সঙ্গে আরোহণ করেননি। এহেন একটি চ্যালেঞ্জ নিয়েই পর্বতারোহণে শামিল হচ্ছে সোনারপুরের এই পরিচিত পর্বতারোহী সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, এই অভিযানের বিশেষত্ব হল এটি ‘স্বনির্ভর অভিযান।’ অর্থাৎ এই অভিযানে গাইড বা পথপ্রদর্শক হিসাবে কোনো শেরপা থাকবেন না। সম্পূর্ণভাবে পর্বতারোহীদের নিজস্ব অভিজ্ঞতা, দক্ষতা ও দলগত সমন্বয়ের ভিত্তিতে অভিযান সফল করার পরিকল্পনা হয়েছে। মোট ১৫ জন পর্বতারোহী অংশ নিচ্ছেন। নেতৃত্ব দেবেন এভারেস্টজয়ী রুদ্রপ্রসাদ হালদার। এছাড়াও রয়েছেন বিশিষ্ট পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত, অনিন্দ্য মুখোপাধ্যায়, নৈতিক নস্কর, দেবাশিস মজুমদার প্রমুখ। আগামী ২৫ আগস্ট কলকাতা থেকে রওনা হবেন তাঁরা। জম্মু, সোনমার্গ, কার্গিল, লেহ হয়ে ৩০ আগস্ট তাঁরা পৌঁছাবেন ফোবরাং নামে এক সীমান্তবর্তী গ্রামে। সেখান থেকে শুরু হবে মূল অভিযান। এর জন্য ভারতীয় সেনাবাহিনী এবং ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফেডারেশনের প্রয়োজনীয় অনুমতিও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তা সংস্থা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ