


ট্রাভার্স সিটি (মিশিগান): উইক এন্ডের সন্ধ্যা। ওয়ালমার্টের সুপারস্টোরে তখন বহু মানুষ ভিড় করেছেন। হঠাৎ ছুরি হাতে সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি। হাতের সামনে যাকে পাচ্ছে, তাকে কোপাচ্ছে। চারিদিকে চাপ চাপ রক্ত। সুপার স্টোরের মেঝেতে পড়ে ছটফট করছেন কয়েকজন। ভয়ার্ত মানুষের চিৎকার। হুড়োহুড়ি। শনিবার সন্ধ্যায় ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মিশিগানের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ট্রাভার্স সিটি। চেরি উৎসব, ওয়াইন এবং লেক মিশিগানের তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যের টানে বহু পর্যটক ভিড় করেন এই শহরে। এদিনের ছুরি হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। উত্তর মিশিগানের একটি বড় হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
এই হামলা প্রসঙ্গে গ্র্যান্ড ট্রাভার্স কাউন্টির শেরিফ মাইকেল শে বলেন, ‘১১ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। তবে আরও বড় ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।’ এই ঘটনায় সন্দেহভাজন বছর ৪২ বয়সি একব্যক্তিকে আটক করেছে পুলিস। তাঁর থেকে একটি ফোল্ডিং ছুরি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ব্যক্তি মিশিগানেরই বাসিন্দা বলে মনে করা হচ্ছে। যদিও আক্রমণকারীর পরিচয় এখনও খোলসা করেনি পুলিস। কী কারণে এই হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ছুরি হামলার ঘটনায় স্টোরের পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার প্রত্যক্ষদর্শী ৩৬ বছর বয়সী টিফানি ডেফেল নামে এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা গাড়ির পাশেই ছিলাম। হঠাৎ চারদিক থেকে চিৎকার শুনতে পেলাম। লোকজন ছুটোছুটি শুরু করল। মনে হচ্ছিল সিনেমার কোনও দৃশ্য। বাস্তবে এমন কিছু হবে, কখনও কল্পনাও করিনি।’