নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে সাফল্য পেল বিএসএফ। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বিথারি সীমান্তে বিএসএফের ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা এক ভারতীয় কিশোরকে আটক করেন। তার কাছ থেকে উদ্ধার হয় ১১টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ১ কোটি ৬৪ লক্ষ টাকা। তবে সোনা পাচারের এই ঘটনায় এক বছর ১৪-এর কিশোর আটক হওয়ায় চিন্তা বাড়ছে ওয়াকিবহাল মহলের। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিথারির জওয়ানরা সীমান্তে দাহারকান্দা গ্রামের কাছে এক কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাকে থামার কথা বললে সে পালানোর চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা ধাওয়া করে তাকে আটক করেন। তল্লাশি চালিয়ে দেখা যায়, তার হাতে থাকা কালো পলিথিনের ব্যাগের ভিতরে রাখা ১১টি সোনার বিস্কুট। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, মা তাকে একটি নির্দিষ্ট স্থানে প্যাকেটটি পৌঁছে দিতে বলেছিল। উদ্ধার হওয়া সোনা ও আটক কিশোরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ অধিকর্তা বলেন, সীমান্ত এলাকায় প্রতিটি অবৈধ কার্যকলাপ প্রতিরোধে বাহিনী প্রস্তুত।



