Bartaman Logo
১৫ জুন, ২০২৬

উত্তরপ্রদেশের গোন্ডাতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত ১১

মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ১১ জনের

উত্তরপ্রদেশের গোন্ডাতে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল পুণ্যার্থী বোঝাই গাড়ি, মৃত ১১
  • ৩ আগস্ট, ২০২৫ ১৪:০৮
Prefer us on Google

লখনউ, ৩ আগস্ট: মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ১১ জনের। জখম ৪। আজ, রবিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডাতে। পুলিস সূত্রে জানা গিয়েছে, পৃথ্বীনাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে গোন্ডাতেই ইটিয়া থক থানার কাছে খালে পড়ে যায় পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি। সেই গাড়িতে ছিলেন মোট ১৫ জন পুণ্যার্থী। দুর্ঘটনাটি দেখতে পেয়ে পুলিসে খবর দেন স্থানীয়রা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দ্রুত গাড়িটিকে খাল থেকে উদ্ধার করা হয়। সেই গাড়ি থেকেই মৃত অবস্থায় ১১ জনকে উদ্ধার করে পুলিস।

Advertisement

বাকি ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মৃতদের নাম পরিচয় এখনও পর্যন্ত জানায়নি পুলিস। এই দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে দু’লক্ষ ও জখমদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে দুর্ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিসের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে। তার ফলে রাস্তার অবস্থা খারাপ। কোনও কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে খালে পড়ে যায়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ