Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কর্মসাথীতে ১১ দিনে ১০ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত

কর্মসাথীতে  ১১ দিনে ১০ হাজার পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: ঈদের ছুটিকে কাজে লাগিয়ে  ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ প্রকল্পের জন্য বিশেষ শিবির চালু হল মালদহ জেলায়। শেষ ১১ দিনে ১০ হাজার পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন।  মালদহ জেলার ১৪৮টি গ্রাম পঞ্চায়েতেই প্রকল্পে নাম নথিভুক্তিকরণের শিবির চলবে ২১ জুন পর্যন্ত। 

Advertisement

মালদহ জেলার যুগ্ম শ্রম কমিশনার তানিয়া দত্ত বলেন, ঈদের ছুটিতে প্রচুর পরিযায়ী শ্রমিক বাড়িতে এসেছেন। ফলে তাঁদের একটা স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই ১৫ হাজার ফর্ম তোলা হয়েছে। তারমধ্যে গত ১১ দিনে ১০ হাজার পরিযায়ী শ্রমিক এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন। জেলা শ্রমদপ্তর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতেই ‘কর্মসাথী পরিযায়ী শ্রমিক’ প্রকল্পে নাম নথিভুক্তকরণ চলছে। রীতিমতো শিবির করে এই কাজ চলছে। যা শুরু হয়েছে ৯ জুন থেকে। ইতিমধ্যেই মালদহ জেলার ২ লক্ষ ৮৬ হাজার ৩৪৭ জন পরিযায়ী শ্রমিক তাঁদের নাম নথিভুক্ত করিয়েছেন। জেলার প্রচুর শ্রমিক সারা দেশে কাজের জন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের মাধ্যমে ১৮ থেকে ৬০ বছর বয়সি পরিযায়ী শ্রমিকরা নাম নথিভুক্ত করছেন। 
সংশ্লিষ্ট শ্রমিকরা এই শিবির থেকে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিয়ে  প্রকল্পের পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়া বা আপলোড করার সময় সচিত্র পরিচয়পত্র দিতে হবে। পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প-২০২৩ এ নাম নথিভুক্ত থাকলে একজন পরিযায়ী শ্রমিক বেশকিছু সুবিধা পাবেন। যেমন ভিনরাজ্যে কাজ করতে গিয়ে কারও স্বাভাবিক মৃত্যু হলে পরিবার এককালীন ৫০ হাজার টাকা পাবে। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন দু’লক্ষ টাকা দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে মালদহের ১০৬ জন মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে। 
এছাড়াও রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় কোনও শ্রমিকের ৮০ শতাংশ শারীরিক ক্ষতি হলে ৫০ হাজার টাকা এবং পুরোপুরি অক্ষম হলে এক লক্ষ টাকা প্রদান করবে সরকার। ভিনরাজ্যে মৃত পরিযায়ী শ্রমিকের মৃতদেহ নিজের বাড়িতে ফিরিয়ে আনার জন্য ২৫ হাজার এবং মৃতদেহ সৎকারের জন্য ৩০ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে। এছাড়াও কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের মাধ্যমে কাজ হারানো এবং মজুরি সংক্রান্ত যে কোনও সমস্যায় অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। ফলে এই প্রকল্প দিন দিন পরিযায়ী শ্রমিকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে। ভিনরাজ্যে কাজে যাওয়া আরও বেশি সংখ্যক শ্রমিক প্রকল্পে নাম নথিভুক্ত করছেন।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ