টরেন্টো: কানাডায় ফের বন্দুকবাজের হামলা। এবার দুষ্কৃতীদের নিশানায় কানাডার টরেন্টো শহর। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ (স্থানীয় সময়) পরপর গুলির শব্দে কেঁপে ওঠে শহরের লরেন্স হাইটস এলাকা। কমপক্ষে ১০—০টি গুলি চালানো হয় বলে দাবি। পুলিসের প্রাথমিক তথ্যানুযায়ী, এই হামলায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। পাশাপাশি জখম হয়েছেন আরও ৫ জন। বর্তমানে জখম ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ২০টি গুলির শব্দ তাঁরা শুনেছেন। হামলার পরই বেশ কয়েকটি গাড়ি দ্রুত গতিতে এলাকা ছাড়ে বলেও দাবি করেছেন তাঁরা। ঘটনার পর কয়েক ঘণ্টা অতিক্রান্ত হলেও, পুলিস এখনও হামলার উদ্দেশ্য বা সন্দেহভাজনদের সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেনি বলে সূত্রের দাবি।
টরন্টোর মেয়র অলিভিয়া চাউ এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “লরেন্স হাইটস এলাকায় গুলির ঘটনার খবর শুনে আমি মর্মাহত। আমার অফিস টরন্টো পুলিসের সঙ্গে যোগাযোগ রাখছে, বর্তমানে পুলিস বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত চালাচ্ছে।” হামলাকারীদের পাকড়াও করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।