Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূলের বুথ এজেন্ট খুনে অবশেষে গ্রেপ্তার ১ অভিযুক্ত

বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙায় একটি বুথের তৃণমূল এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক খুনের ঘটনায় রাজা দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বেলেঘাটা থানা

তৃণমূলের বুথ এজেন্ট খুনে অবশেষে গ্রেপ্তার ১ অভিযুক্ত
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলেঘাটা বিধানসভার নারকেলডাঙায় একটি বুথের তৃণমূল এজেন্ট বিশ্বজিৎ পট্টনায়েক খুনের ঘটনায় রাজা দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বেলেঘাটা থানা। মঙ্গলবার রাতে রাজা এলাকায় এসেছে খবর পেয়ে থানার অফিসাররা সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করেন। অভিযুক্ত যুবক বিশ্বজিৎকে তাড়া করেছিল, সেই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনায় জড়িত বাকি অভিযুক্তের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল বেরনোর পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বুথ এজেন্ট বিশ্বজিতের। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, জয়ের পর বিজেপির একদল সমর্থক তাঁদের বাড়ির সামনে জড়ো হয়। দরজা ভেঙে ভিতরে ঢোকে। বাড়িতে ছিলেন বিশ্বজিৎ। তিনি পালানোর চেষ্টা করলে অভিযুক্তরা তাড়া করে। তাদের হাত থেকে বাঁচতে একটি বাড়ির ছাদে উঠে পড়েন। সেখান থেকে ঝাঁপ দেন। তাতেই যুবকের মৃত্যু হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, তাঁকে তাড়া করা হচ্ছে। ফুটেজের ভিত্তিতে চিহ্নিত করা হয় রাজাকে। জানা যায়, তার বাড়ি নারকেলডাঙা। একটি বেসরকারি সংস্থার ওই কর্মী রাজা জয়ের আনন্দে সকলের সঙ্গে বিশ্বজিতের বাড়িতে এসেছিল। দেখা যায় তার মোবাইল বন্ধ। মঙ্গলবার রাতে পুলিশের কাছে খবর আসে সে নারকেলডাঙা এলাকায় এসেছে। এরপর পুলিশ সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ