নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘এক দেশ এক নির্বাচন’ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটিতে মোদি সরকারকে প্রশ্নের মুখে দাঁড় করালেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন বিলে বলা আছে, মেয়াদ শেষের আগে সরকার পড়ে গেলে (লোকসভা বা বিধানসভা) ভোট হবে। এবং নতুন সরকারের মেয়াদ হবে আগের বাকি থাকা সময়টুকুর জন্য। পরবর্তী পাঁচ বছরের জন্য নয়। আর এখানেই প্রশ্ন তুলে কল্যাণের সওয়াল, ‘মানুষ পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্বাচন করতে ভোট দেয়। তাই সরকার যদি মেয়াদ শেষে আগে পড়েও যায়, তাহলে ফের বাকি থাকা সময়ের জন্য কেন হবে ভোট? নির্বাচন তো শেষ উপায়। কেন বিরোধীদের সরকার গড়তে ডাকবেন না রাষ্ট্রপতি বা রাজ্যপাল? গণতন্ত্রে বিরোধীদেরও তো একটা বড় ভূমিকা আছে।’ কল্যাণবাবুর এই কথা শুনে কমিটির চেয়ারম্যান বিজেপির পি পি চৌধুরীও চুপ করে যান। বৈঠকে উপস্থিত কংগ্রেসের মুকুল ওয়াসনিক, রণদীপ সিং সুরজেওয়ালা, এনসিপি (এসপি)র সুপ্রিয়া সুলের মতো ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা তো বটেই, এমনকী বিজেপির সিংহভাগ সদস্যও সমর্থন করেন ।



