Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোট ঘোষণার আগেই বাইক মিছিল করে এলাকা প্রদক্ষিণ দুই বিধায়কের

নির্বাচন কমিশন যে রবিবারই ভোট ঘোষণা করে দেবে, তার কোনো আভাস শনিবার রাত পযর্ন্ত ছিল না। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন দলীয় কর্মসূচি সারল শাসক দল।

ভোট ঘোষণার আগেই বাইক মিছিল করে এলাকা প্রদক্ষিণ দুই বিধায়কের
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নির্বাচন কমিশন যে রবিবারই ভোট ঘোষণা করে দেবে, তার কোনো আভাস শনিবার রাত পযর্ন্ত ছিল না। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী এদিন দলীয় কর্মসূচি সারল শাসক দল। সোনারপুর দক্ষিণ ও বিষ্ণুপুরে কেন্দ্রের দুই বিধায়ক যাঁর যাঁর এলাকায় বাইক মিছিল করলেন। কর্মসূচি শেষে বিজেপিকে দিয়ে রাখলেন কড়া হুঁশিয়ারিও। তবে সকালে ভোট ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের হিড়িক পড়ে যায় তৃণমূল বিধায়কদের মধ্যে।

Advertisement

এদিন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে বাইক মিছিল শুরু করেন বিধায়ক লাভলি মৈত্র। সেখান থেকে হরিনাভি, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া ও তেমাথা হয়ে মোকরামপুর পর্যন্ত মিছিল হয়। রাস্তাজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক মহলের ধারণা, এই কর্মসূচির মাধ্যমে সোনারপুর দক্ষিণে শক্তি প্রদর্শন করল তৃণমূল। তবুও নানা প্রশ্ন থেকেই গিয়েছে। দলের একাংশকে এই মিছিলে দেখা যায়নি বলে কথা উঠেছে। যদিও তা অস্বীকার করেন লাভলি। তিনি বলেন, ‘আমি সবাইকে দেখতে পাচ্ছি।’ মিছিল ঘিরে মানুষের উন্মাদনাকে সামনে রেখে বিজেপির উদ্দেশে বিধায়কের বার্তা, ‘এটা ট্রেলার। পুরো সিনেমা ফল ঘোষণার পর হবে।’ অন্যদিকে, ঠাকুরপুকুর মহেশতলা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সামালি হাসপাতাল মোড় থেকে আশুতি-১ ও ২ গ্রাম পঞ্চায়েত হয়ে চট্টা পর্যন্ত  বাইক মিছিল হয়। বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল জিপে সওয়ার হয়ে সেই মিছিলে অংশ নেন। এলাকায় ঘোরার সময় জনসংযোগও সারেন তিনি। দিলীপবাবু বলেন, ‘এসআইআর-কে কেন্দ্র করে বিজেপি সরকার বৈধ ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করেছে। এর প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছিল।’ তবে এদিন যেভাবে দুই বিধায়ক নিজ নিজ এলাকায় ঘুরলেন, তাতে তাঁরা আসন্ন নির্বাচনে প্রচারের ‘ওয়ার্ম আপ’ সেরে নিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
এদিকে,  রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের হিড়িক পড়ে যায়। নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের আগেই আমতলা (উদয়রামপুরে) দমকল কেন্দ্রের শিলান্যাস করেন দিলীপবাবু। সেখানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভার বিধায়ক মোহন নস্কর। এই প্রকল্পের খরচ ধরা হয়েছে ৬ কোটি ৪৯ লক্ষ ৫৪ হাজার ৭৮৭ টাকা। সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম রাজপুর সোনারপুর পুরসভার একাধিক জায়গায় আলো, রাস্তার সূচনা ও শিলান্যাস করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ