


বিশেষ সংবাদ, আগরতলা: ত্রিপুরায় শাসক শিবিরের অন্দরে অশান্তির আগুন কোনওভাবেই নিভছে না। দলের মন্ত্রী-বিধায়কদের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের জেরে এমনিতেই অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। তার উপর শরিক তিপ্রামথার অসন্তোষের মুখে পড়তে হচ্ছে গেরুয়া দলকে। এরইমধ্যে বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহার জনসভায় যেতে বিজেপি কর্মী-সমর্থকদের বাধা দেওয়ার অভিযোগ উঠল।এক্ষেত্রে অভিযোগের আঙুল উঠেছে তিপ্রামথার বিরুদ্ধে।
জম্পুইজলা বাজারে মুখ্যমন্ত্রীর সভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তিপ্রামথা কর্মীরা তাঁদের মাঝপথেই বাধা দেয় বলে অভিযোগ। কয়েকটি গাড়িতে ঢিলও ছোড়া হয়। ঘটনায় আহত হয়েছেন এক গাড়ির চালক সহ ৫ জন। তিনটি গাড়ি ভাঙচুরও করা হয়। এমনকি মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতির যাওয়ার পথে বিভিন্ন জায়গায় অবরোধও করে শরিক দলের কর্মীরা। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি জনসভাস্থলে পৌঁছন। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ রাজ্য নেতৃত্বের গাড়িও আটকে পড়ে অবরোধে। বহু বিজেপি কর্মী ও সমর্থকের গাড়ি রাস্তায় মাঝপথে হুমকি দিয়ে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দেববর্মাও শেষপর্যন্ত সভায় যোগ দেন। এরইমধ্যে আজ, বৃহস্পতিবার অনুপ্রবেশ ও অবৈধ অভিবাসী ইস্যুতে তিপ্রামথার নেতৃত্বে তিপ্রাসা সিভিল সোসাইটি রাজ্যজুড়ে বন্ধের ডাক দিয়েছে।