Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রার্থী হয়ে জঞ্জাল সাফের আশ্বাস, কাজও শুরু করে দিলেন তৃণমূলের কৈলাস

বালি বিধানসভা এলাকায় দীর্ঘদিনের সমস্যা হল জমে থাকা আবর্জনা, বেহাল নিকাশি ব্যবস্থা ও খারাপ রাস্তা। তবে গত তিন সপ্তাহ ধরে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে।

প্রার্থী হয়ে জঞ্জাল সাফের আশ্বাস, কাজও শুরু করে দিলেন তৃণমূলের কৈলাস
  • ৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি বিধানসভা এলাকায় দীর্ঘদিনের সমস্যা হল জমে থাকা আবর্জনা, বেহাল নিকাশি ব্যবস্থা ও খারাপ রাস্তা। তবে গত তিন সপ্তাহ ধরে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। একাধিক অস্থায়ী ভ্যাট সরিয়ে ফেলে সাফ করা হয়েছে রাস্তা। গতি পেয়েছে নিকাশি সংস্কারের কাজ। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র এলাকায় ঘুরে পুর পরিষেবার কাজের তদারকি করছেন।

Advertisement

বালি ও বেলুড়ের পাশাপাশি লিলুয়াতেও দীর্ঘদিন ধরে আবর্জনা ও নিকাশি নিয়ে ক্ষোভ সাধারণ মানুষের। বিশেষ করে মীরপাড়া, খামারপাড়া, সূর্যনগর-সহ একাধিক ওয়ার্ডে আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। এর ফলে স্থানীয় মানুষ সমস্যায় পড়ছিলেন। ক্ষুব্ধ বাসিন্দাদের একটি বড়ো অংশ একাধিকবার রাস্তা অবরোধ করে বিক্ষোভেও নেমেছিলেন। তবে পঞ্চাননতলা, মীরপাড়া ও খামারপাড়ার একাধিক ভ্যাট ভেঙে ফেলেছে পুরসভা। আবর্জনা ফেলার জন্য লিলুয়ায় নির্দিষ্ট সেকেন্ডারি কালেকশন পয়েন্ট চিহ্নিত করার কাজ হয়েছে। যেখানেই নিয়মিত বর্জ্য ফেলছেন পুরকর্মীরা। ফলে স্বস্তি ফিরেছে এলাকায়। শ্যামলী সরকার, পৌলমী রাহা, দেবর্ষি নস্কর নামে তিন স্থানীয় বাসিন্দা বলেন, ‘পরিস্থিতি খারাপ ছিল বলে আমরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে তৃণমূল প্রার্থী প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন কাজ বাস্তবায়িত হতেও দেখা যাচ্ছে।’ 
এই একই ছবি অরবিন্দ নগর ও চকপাড়া এলাকারও। পাশাপাশি লিলুয়া স্টেশন রোড সহ প্রায় ২০টি রাস্তায় জোরকদমে চলছে সংস্কারের কাজ। প্রতিদিন প্রচারের ফাঁকে ওয়ার্ডগুলিতে ঘুরে কাজের অগ্রগতি দেখছেন কৈলাশ। বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। পুরকর্মীদের সঙ্গে পরিষেবা নিয়ে আলোচনা করছেন। পঞ্চাননতলার এক বাসিন্দা বলেন, ‘অন্য দলের প্রার্থীরা শুধুই অভিযোগ করে চলেছেন। কিন্তু কৈলাশবাবু ভোটে জেতার আগে কাজ করে দেখাচ্ছেন।’ শুক্রবার সকালে তৃণমূল প্রার্থী রাস্তার কাজ তদারকি করতে বেরন। তিনি বলেন, ‘বালিকে সেরা বিধানসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই নির্বাচনের ময়দানে নেমেছি। মানুষ সুযোগ দিলে তা বাস্তবায়িত করবই।’ জঞ্জাল, নিকাশি ও রাস্তা এই তিনটি সমস্যাই এখন বালির নির্বাচনী লড়াইয়ের মূল ইস্যু। মাসের পর মাস ভ্যাট পরিষ্কার হত না বলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। নিকাশি ব্যবস্থা প্রায় অচল হয়ে ছিল। প্রার্থী হিসেবে দাঁড়ানোর পর  নাগরিক পরিষেবার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন কৈলাশ। সে প্রতিশ্রুতির প্রতিফলন চোখে পড়ছে গত কয়েক সপ্তাহ ধরে।

Advertisement
সম্পর্কিত সংবাদ