নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুনানির নামে মানসিক হেনস্তা, কাগজপত্র চাওয়ার অজুহাতে তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত যেন কোনওভাবেই না-হয়। এই ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে হবে বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কর্মীদের। এই বার্তাটাই আজ, নেতাজি ইন্ডোরের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই খবর। আগামীকাল, মঙ্গলবার থেকে এসআইআর প্রক্রিয়ার শুনানি শুরু হচ্ছে। ঠিক তার ২৪ ঘণ্টা আগে বুথ লেভেল এজেন্টদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন মমতা। আগামী একমাস বুথের তৃণমূল কর্মীদের কী করণীয়, সে-সম্পর্কে নির্দেশিকা উঠে আসবে মমতার বক্তব্যে।
এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকেই নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের স্পষ্ট দাবি, কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ১৬ ডিসেম্বর প্রকাশ হয়েছে খসড়া ভোটার তালিকা। এরপর আগামীকাল থেকে শুরু হবে শুনানি পর্ব। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে হবে ভোটারদের। যে বিপুল সংখ্যক সাধারণ মানুষকে শুনানির নাম করে ডাকা হবে, তাঁদের নাম যাতে কোনও অবস্থাতেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা না-হয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখার বার্তা জেলায় জেলায় দিয়েছে তৃণমূল। শুনানিতে যাঁদের ডাকা হবে কিংবা যাঁদের কাছ থেকে কাগজ চাওয়া হচ্ছে, তাঁদের মধ্যে একটি বড় অংশের মানুষের সমর্থন রয়েছে তৃণমূলের দিকে। এই সূত্রেই তৃণমূলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব বলেছেন, ব্যর্থ করতে হবে ভোট আটকানোর সব ষড়যন্ত্র। মানুষের পাশে থাকতে হবে। সজাগ থাকতে হবে কোনওভাবেই যেন বৈধ ভোটারের নাম তালিকা থেকে কমিশন বাদ দিতে না পারে।
সেই সূত্রেই আজ মমতার বিএলএ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার বাছাই করা ৪০টি বিধানসভা কেন্দ্রের দলীয় পদাধিকারীদের বৈঠকে ডেকেছেন মমতা। থাকবেন রাজ্যের কয়েকজন শীর্ষ তৃণমূল নেতৃত্ব। এর আগে ১৬ ডিসেম্বর মমতা কালীঘাটে বৈঠক করেছিলেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে। এবার মমতার বৈঠক আরও একটু বড় পরিসরে। মনে করা হচ্ছে, উত্তরবঙ্গ এবং অন্য এলাকার দূরবর্তী জেলার বুথ লেভেল এজেন্টদের কলকাতায় ডেকে আনলে এখন এসআইআর প্রক্রিয়ায় কাজে প্রভাব পড়তে পারে। তাই কলকাতার লাগোয়া হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনার কিছু বিধানসভা কেন্দ্রের বুথ লেভেল এজেন্টদের বৈঠকে ডাকা হয়েছে। মূলত শহরাঞ্চলের বিধানসভার দিকেই বাড়তি নজর তৃণমূলের। শহরাঞ্চলের মানুষের সমর্থন তৃণমূলের দিকে যাতে আরও বেশি পরিমাণে আসে, সেটাই সুনিশ্চিত করতে চাইছে রাজ্যের শাসক দল।
আজকের বৈঠকে মমতা গুরুত্বপূর্ণ কিছু বার্তা ও নির্দেশ দেবেন। ৪০টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে তৃণমূলের প্রায় ১২ হাজার বুথ লেভেল এজেন্ট উপস্থিত থাকবেন আজকের বৈঠকে। জানা গিয়েছে, তাঁদের মোবাইল ফোন বাইরে রেখে বৈঠকে ঢুকতে হবে। নেতাজি ইন্ডোরে জেলাভিত্তিক আলাদা কাউন্টার থাকবে। সেখান থেকে বুথ লেভেল এজেন্টরা বার্তা পাবেন। শহরাঞ্চলে তৃণমূলের ফল আগের নির্বাচনগুলিতে ভালো হয়নি। সে-সম্পর্কেও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে।