Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজের বিচারে বদল হচ্ছে চেয়ারম্যান, তৃণমূলের নজরে রাজ্যের ৪২ পুরসভা

যোগত্যা বা পারফরমেন্সের ভিত্তিতেই পুরসভার চেয়ারম্যানদের পরিবর্তন করার পথে হাঁটতে শুরু করেছে তৃণমূল। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের বর্ধমান পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় পুর চেয়ারম্যান বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কাজের বিচারে বদল হচ্ছে চেয়ারম্যান, তৃণমূলের নজরে রাজ্যের ৪২ পুরসভা
  • ৭ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যোগত্যা বা পারফরমেন্সের ভিত্তিতেই পুরসভার চেয়ারম্যানদের পরিবর্তন করার পথে হাঁটতে শুরু করেছে তৃণমূল। উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের বর্ধমান পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় পুর চেয়ারম্যান বদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, রদবদলের জন্য রাজ্যের ৪২টি পুরসভা পার্টির নজরে। দলের অভ্যন্তরের খবর, প্রশাসনিক কাজে যেসব পুর চেয়ারম্যান আশানুরূপ সক্রিয় নন এবং এলাকায় যাঁদের জনভিত্তি দুর্বল, বদল করা হবে তাঁদের। তৃণমূলের মূল্যায়নে উঠে এসেছে, যদি সব পুর চেয়ারম্যান খুব ভালোভাবে কাজ করতেন তাহলে কিছু এলাকায় তৃণমূলের ভোট কমত না। শহরাঞ্চলে যেখানে তৃণমূলের ভোট কমেছে, সংশ্লিষ্ট পুর চেয়ারম্যানরা এবার দলের নজরে। 

Advertisement

২০২৪ সালের লোকসভা ভোটের ফলের পর থেকেই দলীয় সংগঠনে ঝাড়াই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে তৃণমূল। সংগঠনের ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠনে জেলা ভিত্তিক একাধিক রদবদল করা হয়েছে। এই তালিকায় বৃহস্পতিবারের সংযোজন তৃণমূলের এসটি সেলে বদল। আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষক সংগঠনের শাখাতেও বদল আনতে চলেছে তৃণমূল। 
এর পাশাপাশি তৃণমূল বাড়তি নজর দিয়েছে পুরসভা এলাকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলের নিরিখে শহরাঞ্চলের একাধিক জায়গায় দেখা গিয়েছে তৃণমূলের ভোট কমেছে। গ্রামাঞ্চলে যেখানে মানুষ তৃণমূলের প্রতি উজাড় করা সমর্থন দিয়েছেন, সেখানে শহরের একাধিক পুর এলাকায় তৃণমূলের থেকে খানিক দূরত্ব বজায় রেখেছেন সেই এলাকার মানুষ। যদি কাউন্সিলার এবং পুর চেয়ারম্যানরা ওই এলাকায় নাগরিক পরিষেবা দিয়ে থাকেন, তাহলে তৃণমূলের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার কথা নয়। সেটা কেন ঘটল, এটাই দলের অভ্যন্তরীণ রিপোর্টে উঠে এসেছে। তৃণমূলের শীর্ষমহল সূত্রের খবর, একাধিক পুরসভার চেয়ারম্যানের পারফরমেন্সে দল অসন্তুষ্ট। সেখানে বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে।  বৃহস্পতিবার সামনে আসা তথ্যে প্রকাশ, জলপাইগুড়ি ও ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে বদল করা হয়েছে। এছাড়া মাল পুরসভা এলাকায় ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ আনা হয়েছে। মাসকয়েক আগে এই পুরসভার চেয়ারম্যান পদে বদল ঘটানো হয়েছিল। বদল এসেছে ডালখোলা পুর এলাকাতেও। রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক বোর্ডে সদস্য সংখ্যা কমানো হয়েছে। 
অন্যদিকে, পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে এদিন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে, দুর্গাপুর পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ করা হয়। একইসঙ্গে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা ও দাঁইহাট পুরসভার চেয়ারম্যানও বদল করল তৃণমূল। এছাড়া গুসকরা ও কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান বদল করা হয়েছে। তমলুক ও এগরা পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদল করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। পুর এলাকায় এই রদবদলের প্রক্রিয়া কয়েকদিন ধরেই চলছে। তাতে সামনে এসেছে উত্তরবঙ্গের ধূপগুড়ি থেকে দক্ষিণবঙ্গের কুপার্স ক্যাম্প। এই রদবদল আগামীদিনে আরও কয়েকটি পুরসভায় হবে বলেই তৃণমূল সূত্রের খবর। তৃণমূলের রাজ্যস্তরের এক শীর্ষ নেতা জানান, নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব পুর চেয়ারম্যান যোগ্যতার সঙ্গে কাজ করতে পারেননি, তাঁদের বদল করা হবে। রেখে দেওয়ার ক্ষেত্রে বিচার্য সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাজকর্মের গুণমান। 

Advertisement
সম্পর্কিত সংবাদ