নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় আগাগোড়া নজর রাখতে এবার গ্রামে গ্রামে নাগরিক কমিটি গঠনের ডাক দিল তৃণমূল। বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী প্রতিটি পাড়ায় একটি করে নাগরিক কমিটি গঠনের জন্য কর্মীদের বলেছেন। বিজেপি যাতে কোনওভাবে প্রভাব সৃষ্টি করে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিতে না পারে, তারজন্যই এই উদ্যোগ বলে অরূপবাবু দাবি করেছেন। বিজেপি অবশ্য তৃণমূলের ওই উদ্যোগকে কটাক্ষ করেছে। এসআইআরে কোনও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না বলেও গেরুয়া শিবিরের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
তৃণমূল সাংসদ বলেন, বিজেপি ঘুরপথে বাংলার ক্ষমতা দখলের খোয়াব দেখছে। সেই কারণে এসআইআরের নাম করে বৈধ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন নিযুক্ত বিএলও ও অন্যান্য সরকারি কর্মী-আধিকারিকরাই তো সারাবছর খেটে ভোটার তালিকা প্রস্তুত করেছে। তারউপরেও কি বিজেপি নেতৃত্ব ভরসা রাখতে পারছে না? এসআইআরের নাম করে যাতে বৈধ ভোটার কেউ বাদ না যায়, তা দেখার জন্য দলের কর্মীরা নজর রাখবেন। পাশাপাশি প্রতিটি গ্রামে বিশিষ্টদের নিয়ে নাগরিক কমিটি গঠন করার জন্য আমরা কর্মীদের নির্দেশ দিয়েছি। সম্প্রতি জেলাজুড়ে বিজয়া সম্মিলনী আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত কর্মীদেরও এব্যাপারে বার্তা দেওয়া হয়েছে।
বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, তৃণমূলই এখন এসআইআরের ভূত দেখছে। সেই কারণে তারা অযথা মানুষকে বিভ্রান্ত করছে। তালিকা থেকে একজন বৈধ ভোটারও বাদ যাবেন না। মৃত ও ভূতুরে ভোটারদের বাদ দেওয়া হবে। তৃণমূল এতদিন ধরে ওইসব ভোটেই বহু এলাকায় জয়লাভ করত। এবার তা হবে না বুঝতে পেরেই তৃণমূল নেতৃত্ব সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে। আমরাও সামগ্রিক রিভিশনের উপর নজর রাখছি। উল্লেখ্য, বাঁকুড়ায় বর্তমানে মোট ৩০ লক্ষ ২৫ হাজার ভোটার রয়েছেন। এসআইআরের প্রক্রিয়া চালু হলে সকলকেই তার আওতায় আনা হবে। ভোটারদের মধ্যে বাম, বিজেপি, তৃণমূল সহ বিভিন্ন দলের সমর্থক রয়েছেন। কেউ কেউ আবার ‘নোটা’তেও নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। পছন্দের নির্দল প্রার্থীকেও অনেকে ভোট দেন। গত কয়েকটি নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূল ও বিজেপি-র মধ্যে সমানে-সমানে টক্কর হয়েছে। শেষ মুহূর্তে একদল বাজিমাত করলেও অন্য পক্ষের জনসমর্থন সমীহ করার মতো।
ফলে এসআইআর নিয়ে যুযুধান দুই শিবিরেই তুমুল আগ্রহ চোখে পড়ছে। দলের একজন সমর্থকেরও নাম যাতে বিধানসভা নির্বাচনের মুখে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তারজন্য তৃণমূল শ্যোনদৃষ্টি বজায় রাখতে চলেছে। আবার তালিকা থেকে ‘বেনোজল’ বের করতে বিজেপিও উঠেপড়ে লাগবে। এই পরিস্থিতিতে কমিশন এসআইআর করলেও দুই ফুলের মধ্যে বাগযুদ্ধ যে চলতে থাকবে, সেব্যাপারে রাজনৈতিক মহল নিশ্চিত।