Bartaman Logo
২ জুন, ২০২৬

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের থারালি, মৃত ১

উত্তরাখণ্ডের আকাশ থেকে বিপর্যয়ের কালো মেঘ কাটছেই না। শনিবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলার থারালি। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, দোকান-বাজার।

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের থারালি, মৃত ১
  • ২৪ আগস্ট, ২০২৫ ০৪:০০

গোপেশ্বর: উত্তরাখণ্ডের আকাশ থেকে বিপর্যয়ের কালো মেঘ কাটছেই না। শনিবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলার থারালি। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, দোকান-বাজার। গাড়ি, বাইক সহ একাধিক সামগ্রী ধ্বংসস্তূপের তলায় চলে যায়। প্রাণ হারিয়েছেন এক মহিলা। এছাড়া, আরও অন্তত দু’জনের কোনও খোঁজ মিলছে না। বন্ধ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা।

Advertisement

প্রশাসন সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টিতে তুনরি গাধেরা খালের জল উপচে পড়েই এই বিপত্তি। ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট, পরিস্থিতির উপর নজর রাখছি। সকলের জন্য প্রার্থনা করছি। শুক্রবার রাতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্দেশে রওনা দেন। কিন্তু, গুরুত্বপূর্ণ  রাস্তাগুলি বন্ধ থাকায় তাঁরা সমস্যার মুখে পড়েন। শনিবার সকালেই থারালিতে পৌঁছেছেন জেলাশাসক সন্দীপ তিওয়ারি। প্রশাসন সূত্রে খবর, মিং গাধেরার কাছে ধ্বংসস্তূপ পড়ে থারালিকে সংযোগকারী কর্ণপ্রয়াগ-গোয়ালদাম জাতীয় সড়ক বন্ধ রয়েছে। বিপর্যস্ত থারালি-স্বগওয়ারা ও দুংরি মোটর রোড। জেলার তিনটি ব্লকে এদিন সমস্ত স্কুল বন্ধ ছিল। চামোলির অতিরিক্ত জেলাশাসক বিবেক প্রকাশ জানিয়েছেন, থারালি ও তার সংশ্লিষ্ট অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরকাশিতে ব্যাপক ক্ষতি হয়েছিল। তাতে কয়েকজন প্রাণ হারান। ৬৫ জনের খোঁজ মেলেনি। 
 এদিকে, উত্তরকাশী বিপর্যয়ে সময় সায়নাছাট্টিতে একটি হ্রদ তৈরি হয়েছিল। তার জলস্তর নিয়ে তুমুল উদ্বেগ তৈরি হয় বিভিন্ন মহলে। তবে শনিবার জানা গিয়েছে, ধ্বংসস্তূপ জমে হঠাৎ তৈরি হওয়া ওই লেকের জলস্তর ১২ ফুট কমেছে। স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, ওই হ্রদ থেকে জল বের করতে একটি নিকাশি নালা তৈরি করা হয়। 

সম্পর্কিত সংবাদ