লাতেহার: মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার সকালে ঝাড়খণ্ডের লাতেহারে বাহিনীর সঙ্গে গুলির লড়াই নিকেশ দুই মাওবাদী। মৃতদের মধ্যে রয়েছে ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের (এজজেএমপি) প্রধান পাপ্পু লোহরা। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। একইসঙ্গে পাপ্পুর এক সঙ্গীরও মৃত্যু হয়েছে। গুলি লাগায় জখম জেজেএম-এর আরও এক সদস্য। ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ইনসাস রাইফেল। পালামৌর ডিআইজি ওয়াই এস রমেশের কথায়, ‘নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে। উদ্ধার হয়েছে দু’জনের দেহ।’ কয়েকদিন আগেই মাওবাদী নেতা বাসবরাজুকে খতম করেছে বাহিনী। এই আবহে শনিবারের ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। এদিন গোপন সূত্রে বাহিনী জানতে পারে, লাতেহারের জঙ্গলে লুকিয়ে রয়েছে পাপ্পু ও তার সঙ্গীরা। এরপরেই তল্লাশি শুরু করে সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিস। বাহিনীর নেতৃত্বে ছিলেন লাতেহারের এসপি কুমার গৌরব। অভিযান চলাকালীন আচমকা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম পাপ্পু সহ দু’জন।



