নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্টোবর মাসে ২৭ টন সোনা কিনল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি বছরে, অর্থাৎ ২০২৪ সালে মোট ৭৭ টন সোনা কিনেছে তারা। এই তথ্য দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। প্রসঙ্গত, আর্থিক বুনিয়াদ মজবুত রাখতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক সোনা কিনে থাকে। সম্প্রতি সোনার দামের অস্বাভাবিক বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সোনা কেনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের বক্তব্য, এতে বিশ্বজুড়ে সোনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। গত অক্টোবরে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি মোট ৬০ টন সোনা কিনেছে, যা এই বছরে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এর মধ্যে ভারতই সবচেয়ে বেশি সোনা কিনেছে। তারপর রয়েছে তুরস্ক, পোল্যান্ড ও চীন।



