মির্জাপুর: শাহিদ কাপুর অভিনীত ‘ফর্জি’ সিরিজের কাহিনীর বাস্তব রূপ দেখল উত্তরপ্রদেশের সোনভদ্র। ইউটিউব থেকে শিখে ১০ টাকার স্ট্যাম্প পেপারে ৫০০ টাকার জাল নোট ছাপত দু’জন। এভাবে ৩০ হাজার টাকার জাল নোট বাজারে ছড়ানো হয়েছিল। এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম সতীশ রাই ও প্রমোদ মিশ্র। মির্জাপুর থেকে ১০ টাকার স্ট্যাম্প পেপার কিনত তারা। পরে কম্পিউটার প্রিন্টারে ৫০০ টাকার জাল নোট ছাপত। সব নোটেই থাকত একই সিরিয়াল নম্বর। আরও ১০ হাজার টাকার জাল নোট সোনভদ্রের রামগড় বাজারে ছড়ানোর উদ্দেশ্য ছিল তাদের। তবে বিধি বাম। পুলিসের জালে জড়ায় তারা। ৫০০ টাকার এমন ২০টি জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। একজন শীর্ষ পুলিস কর্তা জানিয়েছেন, ওই নোটগুলির বৈশিষ্ট্য ভালো করে পর্যবেক্ষণ করতে না পারলে, সেটি নকল কি না বোঝা সম্ভব নয়। মিনারেল ওয়াটারের বিজ্ঞাপন ছাপত অভিযুক্তরা। ইউটিউব দেখে তারা শিখেছিল কীভাবে নকল নোট ছাপতে হয়। জাল নোট ছাড়াও তাদের কাছ থেকে একটি গাড়ি, ল্যাপটপ, প্রিন্টার ও ২৭টি স্ট্যাম্প পেপার উদ্ধার হয়েছে।



