Bartaman Logo
২ জুন, ২০২৬

এবার টিকিট ক্যানসেলে বেশি রিফান্ড, আজ থেকে বাড়ছে মেল-এক্সপ্রেসের যাত্রীভাড়া

একদিকে রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। অন্যদিকে টিকিট বাতিলে রেল যাত্রীদের কিছুটা আর্থিক সুরাহা প্রদানের পরিকল্পনা। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ভারসাম্য রক্ষায় মরিয়া রেল।

এবার টিকিট ক্যানসেলে বেশি রিফান্ড, আজ থেকে বাড়ছে মেল-এক্সপ্রেসের যাত্রীভাড়া
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একদিকে রেলের যাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। অন্যদিকে টিকিট বাতিলে রেল যাত্রীদের কিছুটা আর্থিক সুরাহা প্রদানের পরিকল্পনা। রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ভারসাম্য রক্ষায় মরিয়া রেল। জল্পনার অবসান ঘটিয়ে সোমবারই রেলমন্ত্রক ঘোষণা করেছে, আজ, মঙ্গলবার থেকে শর্তসাপেক্ষে ট্রেনের যাত্রী ভাড়া বৃদ্ধি পেতে চলেছে। অন্যদিকে, সোমবারই মন্ত্রকের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে, ট্রেনের টিকিট বাতিলে এবার ‘ক্ল্যারিক্যাল চার্জ’ প্রত্যাহারের পথে হাঁটছে রেল। অর্থাৎ, টিকিট ক্যানসেলেশনের ক্ষেত্রে এবার তুলনায় বেশি রিফান্ড পেতে চলেছেন রেল যাত্রীরা। বর্তমানে টিকিট বাতিল করলে পুরো টাকা ফেরত (‘ফুল রিফান্ড’) পান না যাত্রীরা। বিভিন্ন ‘চার্জ’ কেটে তা ফেরত দেওয়া হয়। ওয়েটলিস্টেড এবং আরএসি - দু’টো ক্ষেত্রেই এই ‘ক্ল্যারিক্যাল চার্জ’ প্রযোজ্য হয়। জানা যাচ্ছে, রেলের বিভিন্ন শ্রেণিভিত্তিক এই ‘ক্ল্যারিক্যাল চার্জ’এর পরিমাণ সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকা। শীঘ্রই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে রেল সূত্রের খবর। 

Advertisement

এদিকে, আজ থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি ক্লাসে দু’পয়সা করে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রেল। নন-সাবার্বান ট্রেনের নন-এসি অর্ডিনারি সেকেন্ড ক্লাসে প্রথম ৫০০ কিলোমিটার পর্যন্ত কোনও ভাড়া বাড়ছে না। তারপর নন-সাবার্বান ট্রেনের নন-এসি অর্ডিনারি সেকেন্ড ক্লাসের ভাড়া ৫০১ থেকে দেড় হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে পাঁচ টাকা। ১ হাজার ৫০১ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এই বৃদ্ধির পরিমাণ ১০ টাকা। ২ হাজার ৫০১ থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা। নন-এসি নন-সাবার্বান ট্রেনের অর্ডিনারি স্লিপার এবং ফার্স্ট ক্লাসের ভাড়া প্রতি দু’কিলোমিটারে এক পয়সা করে বৃদ্ধি পাবে। যদিও শহর ও শহরতলির লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না। লোকাল এবং নন-সাবার্বান ট্রেনের সিজন টিকিটের (অর্থাৎ, মান্থলি) ভাড়াও বৃদ্ধি করা হচ্ছে না। ২০২০ সালের ১ জানুয়ারি শেষবার যাত্রী ভাড়া বাড়িয়েছিল রেল। 
রেল জানিয়েছে, শুধুমাত্র ‘বেসিক ফেয়ার’এ এহেন বৃদ্ধি হয়েছে। রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জের মতো ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। ১ জুলাইয়ের আগে যেসব টিকিট বুকিং হয়েছে, সেগুলিতে সংশোধিত যাত্রী ভাড়া কার্যকর হবে না। ১ জুলাইয়ের আগে যেসব রেল যাত্রী টিকিট কেটেছেন, সংশোধিত ভাড়া কার্যকর হওয়ার পরে তাঁরা ট্রেনে ভ্রমণ করলেও অতিরিক্ত টাকা তাঁদের দিতে হবে না। 
এদিকে, পূর্বঘোষণা মতোই আজ, মঙ্গলবার থেকে ট্রেনের আধারভিত্তিক তৎকাল টিকিট বুকিংও শুরু করছে রেল। আইআরসিটিসির ওয়েবসাইট ব্যবহারকারীরা তাঁর অ্যাকাউন্টের সঙ্গে আধার যাচাই না করালে আজ থেকে তৎকাল টিকিট কাটতে সমস্যায় পড়বেন। তবে অনলাইন এবং অফলাইন ক্ষেত্রে ওটিপি-ভিত্তিক তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়া সম্ভবত আগস্টের আগে শুরু হচ্ছে না।

সম্পর্কিত সংবাদ