Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

লক্ষ্যমাত্রা এখনও বহুদূর, অত্যাধুনিক ‘কবচ’  প্রযুক্তি কার্যকর করতে নাজেহাল রেলমন্ত্রক

‘টার্গেট’ ১০ হাজার লোকোমোটিভ (ইঞ্জিন)। অথচ এখনও পর্যন্ত দেড় হাজার ট্রেনের লোকোমোটিভেও ‘কবচ’ প্রযুক্তি কার্যকর করতে পারেনি রেলমন্ত্রক।

লক্ষ্যমাত্রা এখনও বহুদূর, অত্যাধুনিক ‘কবচ’  প্রযুক্তি কার্যকর করতে নাজেহাল রেলমন্ত্রক
  • ২২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ‘টার্গেট’ ১০ হাজার লোকোমোটিভ (ইঞ্জিন)। অথচ এখনও পর্যন্ত দেড় হাজার ট্রেনের লোকোমোটিভেও ‘কবচ’ প্রযুক্তি কার্যকর করতে পারেনি রেলমন্ত্রক। কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে সামনে এসেছে এই চিত্র। সংসদে উল্লিখিত খতিয়ান পেশ করেছে মোদি সরকার। তাতেই দুর্ঘটনারোধী অত্যাধুনিক ‘কবচ’ প্রযুক্তি ১০০ শতাংশ কার্যকর করার ক্ষেত্রে রেলের দিশাহারা পরিস্থিতি সামনে এসেছে। যদিও সংসদে পেশ করা পরিসংখ্যানে কেন্দ্র আরও জানিয়েছে, সারা দেশেই ট্রেন বেলাইনের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে হ্রাস পেয়েছে।

Advertisement

ট্রেন বেলাইন সংক্রান্ত বিষয়ে লিখিত প্রশ্ন করেছিলেন লোকসভার কংগ্রেস সাংসদ সপ্তগিরি শঙ্কর উলাকা। সেই প্রেক্ষিতেই ‘কবচ’ প্রযুক্তির প্রসঙ্গ এসেছে। লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, মোট ১০ হাজার লোকোমোটিভে ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের প্রকল্প চূড়ান্ত হয়েছে। কিন্তু বাস্তবে কত হয়েছে? রেলমন্ত্রী লিখিত তথ্য থেকে জানা যাচ্ছে, গত জুলাই মাস পর্যন্ত মাত্র ১ হাজার ২৯০টি লোকোমোটিভে দুর্ঘটনারোধী অত্যাধুনিক ‘কবচ’ প্রযুক্তি কার্যকর হয়েছে। অর্থাৎ, এই ব্যাপারে লক্ষ্যে পৌঁছতে মোদি সরকারের এখনও ঢের দেরি! আরও জানা গিয়েছে, গত জুলাই মাস পর্যন্ত দেশের মোট ৭০৮টি  রেল স্টেশনে ‘কবচ’ প্রযুক্তি কার্যকর হয়েছে।
প্রসঙ্গত, ‘কবচ’ প্রযুক্তি কার্যকর হলে দু’টি ট্রেনের মধ্যে সংঘর্ষের আশঙ্কা অনেকটাই কমে যাবে। সেক্ষেত্রে দু’টি ট্রেন একই লাইনে একটি নির্দিষ্ট দূরত্বে এসে পড়লে অত্যাধুনিক এই প্রযুক্তি লোকো পাইলটদের বিপদসঙ্কেত পাঠিয়ে দেবে। স্বয়ংক্রিয়ভাবেই ট্রেনের গতিও ধীর হয়ে যাবে। ট্রেন দাঁড়িয়ে পড়বে। ফলে দুর্ঘটনার আশঙ্কা এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে দাবি রেলমন্ত্রকের। কিন্তু এহেন উন্নত প্রযুক্তির বাস্তবায়ন এত ঢিমেতালে হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। রেলমন্ত্রী লিখিতভাবে জানিয়েছেন, ‘কবচ ৩.২’ প্রযুক্তি দক্ষিণ-মধ্য রেলের ১ হাজার ৪৬৫ কিলোমিটারে বাস্তবায়িত হয়েছে। গত ৩০ জুলাই কোটা-মথুরা রেলওয়ে শাখার ৩২৪ কিলোমিটার অংশে ‘কবচ ৪.০’ প্রযুক্তি কার্যকর করা হয়েছে। অর্থাৎ, দেশের মোট রেলওয়ে নেটওয়ার্কের নিরিখে এই ‘কবচ’ প্রযুক্তি কার্যকরের পরিমাণ অত্যন্ত কম। আপাতত কেন্দ্রের লক্ষ্যপূরণ কবে হবে, সেদিকেই তাকিয়ে আম জনতা।

Advertisement
সম্পর্কিত সংবাদ