লন্ডন: ঋণের টাকা মেটাতে পাইলটের কাজ ছেড়ে শুরু করেছিলেন লেখালিখি। ব্রিটেনের গুপ্তচর সংস্থার হয়েও কাজ করেছেন। পরবর্তী জীবনে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখেছেন প্রায় ২০টি স্পাই নভেল। যার মধ্যে অন্যতম ‘দ্য ডে অব দ্য জ্যাকল’ ও ‘দ্য ওডেসা ফাইল’। সোমবার ৮৬ বছর বয়সে মৃত্যু হল ব্রিটিশ লেখক ফ্রেডরিক ফরসাইথের। ১৯৩৮ সালে ইংল্যান্ডের কেন্টে জন্ম তাঁর। রয়্যাল এয়ার ফোর্সের পাইলট হিসেবে জীবন শুরু করেছিলেন ফরসাইথ। ২০ বছর বয়সেই ফ্লাইং অফিসার পদে উন্নীত হন। কিন্তু ১৯৬১ সালে পাইলটের চাকরি ছেড়ে রয়টার্সে যোগ দেন তিনি। ১৯৬৫ সালে বিবিসিতে কাজ শুরু করেন। কাজের সূত্রে বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। বিবিসির প্রতিনিধি হিসেবে সামনে থেকে দেখেছেন নাইজেরিয়ার গৃহযুদ্ধ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, পূর্বতন পূর্ব জার্মানি ও রোডেশিয়াতেও গিয়েছিলেন তিনি। ১৯৭১ সালে প্রকাশিত হয় ফরসাইথের প্রথম রাজনৈতিক থ্রিলার ঘরানার উপন্যাস ‘দ্য ডে অব দ্য জ্যাকল’। ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল চার্লস দ্য গলের হত্যার চেষ্টা নিয়ে বই লিখে লেখক হিসেবে তুমুল জনপ্রিয়তা পান ফরসাইথ। তাঁর একাধিক উপন্যাস নিয়ে পরবর্তী সময়ে সিনেমা, টিভি সিরিজ তৈরি হয়েছে। ২০১৫ সালে তিনি নিজেই জানান, নাইজেরিয়ার গৃহযুদ্ধ চলাকালীন তিনি ব্রিটিশ গুপ্তচর সংস্থা ‘এমআই সিক্স’-এর হয়ে বিভিন্ন খবর পাচার করেছেন। ২০ বছর গুপ্তচর সংস্থার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে এর জন্য তিনি কোনওদিনই টাকা পাননি বলে দাবি করেন ফরসাইথ।



