Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

গুণ-ভাগের মজা

অঙ্ক মানেই সংখ্যার খেলা। এজন্য মাথা খাটাতে হয়। তা যে খুব একটা একঘেঁয়ে তা কিন্তু নয়। গণিতে বুদ্ধির ব্যায়াম হয়। আর তা মজাচ্ছলে হলে তো কথাই নেই।

গুণ-ভাগের মজা
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০

স্বরূপ কুলভী: অঙ্ক মানেই সংখ্যার খেলা। এজন্য মাথা খাটাতে হয়। তা যে খুব একটা একঘেঁয়ে তা কিন্তু নয়। গণিতে বুদ্ধির ব্যায়াম হয়। আর তা মজাচ্ছলে হলে তো কথাই নেই। অঙ্কের নানা ধরনের মজাদার হেঁয়ালিতে মগজাস্ত্রে শান দেওয়ার ব্যাপার আছে। একবার এই জগতে ঢুকে পড়তে পারলে দেখবে যে, সংখ্যার হেরফেরে বন্ধুদের তাক লাগিয়ে দিতে পারবে। ছোট্ট বন্ধুরা, আজ দেখে নেওয়া যাক কিছু অঙ্কের জাদু। খাতা-কলম নিয়ে বসে পড়লেই হল। বেশি কিছু নয়। যোগ-গুণ-ভাগ-বিয়োগই যথেষ্ট। বন্ধুকে অঙ্ক কষতে বল। তুমি না দেখেই বলে দাও উত্তর। 

Advertisement

১)  শেষপর্যন্ত উত্তর হবে ১৫
প্রথম ধাপ: একটা সংখ্যা ভাব। ধরে নাও ৩৮০।
দ্বিতীয় ধাপ: ওই সংখ্যাকে ৩ দিয়ে গুণ করে।
৩৮০x৩=১১৪০
তৃতীয় ধাপ: এবার গুণফলের সঙ্গে ৪৫ যোগ কর।
১১৪০+৪৫=১১৮৫
চতুর্থ ধাপ: এবার যোগফলকে ২ দিয়ে গুণ করতে হবে।
১১৮৫x২=২৩৭০
পঞ্চম ধাপ: এই গুণফলকে ৬ দিয়ে ভাগ করতে হবে।
২৩৭০÷৬=৩৯৫
ষষ্ঠ ধাপ: এটাই শেষ ধাপ। এই ভাগফল থেকে প্রথমে ধরে নেওয়া সংখ্যা বিয়োগ করতে হবে।
অর্থাৎ ৩৯৫-৩৮০= ১৫। 
তাহলে উত্তর হল ১৫। বেশ মজার না!
আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক।
প্রথম ধাপ: ৪০৬
দ্বিতীয় ধাপ: ৪০৬ x৩= ১২১৮
তৃতীয় ধাপ: ১২১৮+৪৫=১২৬৩
চতুর্থ ধাপ: ১২৬৩ x২=২৫২৬
পঞ্চম ধাপ: ২৫২৬÷৬= ৪২১
ষষ্ঠ ধাপ: ৪২১-৪০৬= ১৫
২) উত্তর ৭৩ অথবা ১৩৭
প্রথম ধাপ: বন্ধুকে যেকোনও চার অঙ্কের একটা সংখ্যা লিখতে বল। যেমন ৩৭১৪। এর পাশেই সংখ্যাটি আরও একবার লিখতে হবে। অর্থাৎ ৩৭১৪৩৭১৪।
দ্বিতীয় ধাপ: সংখ্যাটি ১৩৭ দিয়ে ভাগ করতে বল। ৩৭১৪৩৭১৪÷১৩৭=২৭১১২২
তৃতীয় ধাপ: এই ভাগফলকে প্রথমে ধরা সংখ্যা দিয়ে আবার ভাগ করতে বল। ২৭১১২২÷৩৭১৪=৭৩।  
এভাবে যেকোনও সংখ্যা ধরলেও উত্তর একই হবে। 
আরও একটা উদাহরণ দেখে নেওয়া যাক। 
প্রথম ধাপ: একটি সংখ্যা ধরতে হবে।  মনে কর তা ৪৫৫৫। এর পাশে আবার এই সংখ্যা লিখলে হবে ৪৫৫৫৪৫৫৫। 
দ্বিতীয় ধাপ: ১৩৭ দিয়ে ভাগ। ৪৫৫৫৪৫৫৫÷১৩৭=৩৩২৫১৬
তৃতীয় ধাপ: এই ভাগফলকে প্রথমে ধরা সংখ্যা নিয়ে ভাগ করতে হবে। ৩৩২৫১৬÷৪৫৫৫=৭৩
একইভাবে ৭৩ দিয়ে ভাগ করলেও উত্তরটা বলে দিতে পারবে। সেক্ষেত্রে উত্তর হবে ১৩৭। 
একবার হাতে কলমে করে দেখা যাক।
প্রথম ধাপ: একটি সংখ্যা ধরতে হবে। যেমন ৩১২৩। এর পাশে আবার এই সংখ্যা বসালে হবে ৩১২৩৩১২৩। 
দ্বিতীয় ধাপ: এই সংখ্যাকে ৭৩ দিয়ে ভাগ করতে হবে। ৩১২৩৩১২৩÷৭৩=৪২৭৮৫১
তৃতীয় ধাপ: ভাগফলকে প্রথমে ধরে নেওয়া সংখ্যা দিয়ে ভাগ। ৪২৭৮৫১÷৩১২৩=১৩৭।

সম্পর্কিত সংবাদ