কাগজের দোলনা
  • ২৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পার্কে গেলে তোমরা নিশ্চয়ই দোলনার খোঁজ কর। দোলনায় দুলতে কার না ভালো লাগে বল! তবে সেই দোলনাই যদি থাকে, তোমার পড়ার টেবিলে তাহলে কেমন হবে? না, কিনতে হবে না। বরং সহজেই কাগজ দিয়ে তোমরা বানিয়ে নিতে পার দোলনা। বাড়িতে থাকা কাগজ, কার্ডবোর্ড আর সুতো দিয়েই তৈরি করে নেওয়া যায় ছোট্ট সুন্দর দোলনা। রঙিন কাগজ দিয়ে নিজের হাতে দোলনা বানানোর আনন্দই আলাদা। তার উপর সেই দোলনায় তোমার পছন্দ মতো ছোটো পুতুলও বসিয়ে দিতে পারবে। ঘর সাজানোর জন্য দারুণ শো পিস হতে পারে এটি। কীভাবে বানাবে? চল, ধাপে ধাপে শিখে নিই— 

Advertisement

কী কী দরকার? 
 রঙিন কাগজ
  শক্ত কার্ডবোর্ড 
 কাঁচি
 পেনসিল
 স্কেল
 আঠা
 সুতো
 স্কেচ পেন 
স্টেপ ১
 প্রথমে শক্ত কার্ডবোর্ড থেকে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা ও ৪ সেন্টিমিটার চওড়া একটি আয়তাকার টুকরো কেটে নাও। এটিই হবে দোলনার বসার জায়গা। এবার পছন্দের রঙিন কাগজ দিয়ে কার্ডবোর্ডের টুকরোটি ভালোভাবে মুড়ে আঠা দিয়ে আটকে দাও। চাইলে দুই প্রান্তে ছোটো ভাঁজ করে হাতলও তৈরি করতে পার। এতে দোলনাটি দেখতে আরও সুন্দর হবে।
স্টেপ ২
 এবার কার্ডবোর্ড থেকে সমান মাপের চারটি লম্বা ফালি কেটে নাও। দু’টি ফালি দিয়ে উলটানো ‘ভি’-এর মতো আকৃতি তৈরি কর। একইভাবে বাকি দু’টি ফালি দিয়ে আরও একটি ‘ভি’ তৈরি করতে হবে। এরপর দুটো কাঠামোকে পাশাপাশি রেখে ওপরের অংশে আঠা দিয়ে জুড়ে দাও। এটিই হবে দোলনার দু’পাশের কাঠামো। 
স্টেপ ৩
 এবার সমান দৈর্ঘ্যের দু’টি সুতো কেটে নাও। দোলনার সিটের দু’পাশে একটি করে ছিদ্র করে সুতো গলিয়ে গিঁট বেঁধে দাও। ছিদ্র করার জন্য বড়োদের সাহায্য নেওয়াই ভালো। এরপর দু’টি সুতোর অন্য প্রান্ত দোলনার দু’পাশের কাঠামোর সঙ্গে শক্ত করে আটকে দাও। খেয়াল রাখতে হবে, দোলনার সিটটি যেন সোজা থাকে।  
স্টেপ ৪
 দোলনার কাঠামোর চারপাশে রঙিন কাগজ জড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে দাও। এবার ছোটো ছোটো ফুল, পাতা, তারা বা প্রজাপতির নকশা কেটে দোলনার চারদিকে লাগাতে পার। স্কেচ পেন দিয়ে সিটের উপরও সুন্দর নকশা আঁকা যায়।  
স্টেপ ৫
 সবশেষে আঠা ভালোভাবে শুকিয়ে গেলে দোলনাটির উপর একটি ছোটো কাগজের পুতুল রাখতে পার। দেখবে, তা দেখতে আরও সুন্দর লাগছে।