Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসতে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার পুলিসের অস্থায়ী হোমগার্ড

স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক অস্থায়ী হোমগার্ডকে। সোমবার রাতে ঘটনাটি বারাসত থানার আক্রামপুর টালিখোলার।

বারাসতে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার পুলিসের অস্থায়ী হোমগার্ড
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হল এক অস্থায়ী হোমগার্ডকে। সোমবার রাতে ঘটনাটি বারাসত থানার আক্রামপুর টালিখোলার। মৃতার নাম নাসরিন সুলতানা (২১)। পরিবারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জেনে যাওয়ায় লাগাতার শারীরিক অত্যাচারের পর নাসরিনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে মধ্যমগ্রাম থানার অস্থায়ী হোমগার্ড স্বামী নাজমুল হুদা। নাজমুল সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা মইউদ্দিন গাজি। মঙ্গলবার নাজমুলকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিস। তাকে বারাসত আদালতে তোলা হলে চারদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisement

নাজমুল হুদার বাড়ি বারাসতের টালিখোলা এলাকায়। তিনি মধ্যমগ্রাম থানায় অস্থায়ী হোমগার্ড পদে চাকরি করেন। চারমাস আগে নাজমুলের সঙ্গে বিয়ে হয়েছিল নাসরিন সুলতানার। বধূর বাড়ি নীলগঞ্জের বেড়াবেড়িয়া। বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য অশান্তি শুরু হয়। অভিযোগ, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, সামান্য অজুহাতে স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতেন নাজমুল। বধূর পরিবারের দাবি, নাজমুলের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। সম্পর্কের কথা নাজমুলের এক বোনের কাছ থেকেই জানতে পেরে গিয়েছিল নাসরিন। তারপরই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে। নাসরিনের পরিবার মীমাংসার চেষ্টা করলেও লাভ হয়নি। 
সোমবার রাতে মেয়ের মৃত্যুর খবর পেয়ে নাসরিনের বাবা সহ পরিবারের লোকজন আসেন নাজমুলের বাড়িতে। সেখানে জানতে পারেন, তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। বারাসত হাসপাতালে দেহ রয়েছে। কিন্তু আত্মহত্যার কথা মানতে নারাজ পরিবার। মৃতার বাবা মইউদ্দিন গাজি বলেন, নাজমুলের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্ক রয়েছে। তা নিয়ে অশান্তি। মেয়ের উপর অত্যাচার করা হতো। মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ মানতে চায়নি নাজমুলের পরিবার। তাঁদের পাল্টা দাবি, নাসরিন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। বারাসত পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস বলেন, অভিযোগের পর নাজমুলকে গ্রেপ্তার করা হয়। ধৃতের চারদিন পুলিসি হেফাজত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

সম্পর্কিত সংবাদ