নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতাবাসীর জন্য সুখবর। চলতি সপ্তাহেই খুলে যাচ্ছে শহরের প্রথম ‘এক্সক্লুসিভ’ মাছের দোকান—‘সুফল বাংলা মৎস্য’। সেখানে একেবারে ন্যায্যমূল্যেই পাওয়া যাবে রুই, কাতলা, মৃগেল, ইলিশ, মাগুর, কই, শিঙ্গি-সহ ২৬-এর বেশি ধরনের মাছ। রাজ্যের এই উদ্যোগে মাছে-ভাতে বাঙালির টাটকা মাছ পাওয়ার ক্ষেত্রে আর কোনও সমস্যাই রইল না। তার সুবাদে খোলা বাজারে চড়া দামে মাছ বিক্রির প্রবণতাও কমবে। মনে করছে প্রশাসনিক মহল। রাজ্যের অন্যান্য প্রান্ত ছাড়াও কলকাতার বিভিন্ন এলাকায় খুলতে চলেছে ‘সুফল বাংলা মৎস্য’ স্টল। নবান্নে এক প্রশাসনিক বৈঠকে থেকেই এই স্টলগুলি দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে বুধবার বিধাননগরের ৪ নম্বর ভেড়ির কাছে কলকাতা এলাকায় প্রথম ‘সুফল বাংলা মৎস্য’ স্টল খুলতে চলেছে। জানিয়েছেন সৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। তার পরদিনই আরও একটি স্টল খুলবে চিংড়িঘাটার কাছে ইএমবাই সংলগ্ন ক্যাপ্টেন ভেড়ির কাছে। প্রথম পর্যায়ে রাজ্যজুড়ে প্রায় ৩৪টি স্টল খোলার কথা। কলকাতা শহরে খান কুড়ি স্টল চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এমনকী, নিউটাউনেও স্টল চালুর কথা ভাবছে তারা। ইতিমধ্যেই শিলিগুড়ি শহরে একটি স্টল চালু হয়েছে। রাজ্যের এই উদ্যোগে মৎস্য চাষের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিশেষভাবে উপকৃত হবেন, দাবি মন্ত্রীর। কারণ, স্বনির্ভর গোষ্ঠীর মতো এই স্টলগুলি চালানোর দায়িত্বে থাকবে মৎস্যজীবীদের গোষ্ঠী বা সমবায় সমিতি। এর ফলে টাটকা মাছ সরবরাহ করা সম্ভব হবে। এতে আয়ও বাড়বে চাষিদের।



