


মুম্বই: মহারাষ্ট্রের ভাসাই পূর্বের উপর দিয়ে গিয়েছে মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়ক। কিন্তু, গাড়ি চলাচলে গতি আসার বদলে নিত্যদিনের দীর্ঘ যানজট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যা সমাধানে নজিরবিহীন পদক্ষেপ নিলেন ভাসাই পূর্বের বাসিন্দারা। বছরের পর বছর যানজট থেকে মুক্তি না পেয়ে এবার আত্মহত্যার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন তাঁরা। প্রথম ধাপে এমনই প্রায় শতাধিক চিঠি গিয়েছে প্রধানমন্ত্রী দপ্তরে। বৃহস্পতিবার সকালে শাসনগড় পোস্ট অফিসের সামনে বহু মানুষ চিঠি জমা দিতে জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী দ্রুত সমস্যার সমাধান করুন। অন্যথায় আত্মহত্যার অনুমতি দেওয়া হোক। সরকার যদি তাঁদের রক্ষা করতে চায়, তাহলে দ্রুত সার্ভিস রোডের কাজ সম্পন্ন করা হোক। ট্রাফিক আইন আরও শক্ত করুক।
শাসনগড়, মালজিপাড়া, সাসুপাড়া, বোবাটপাড়া, পাথরপাড়ার উপর দিয়ে গিয়েছে মুম্বই-আমেদাবাদ জাতীয় সড়ক। স্থানীয়দের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও পরিকাঠামোতে কারও নজর নেই। খানাখন্দ, অনিয়ন্ত্রিত ট্রাফিকের জেরে দীর্ঘ যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ২০১৪ থেকে একই অবস্থা। প্রয়োজনীয় কাজে থানে, কাশিমিরা, ভাসাই ও নৈগাঁও যেতে হলে স্থানীয়দের ভরসা এই জাতীয় সড়ক। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে। কিন্তু, তারা সমাধানে কোনও সদিচ্ছা দেখায়নি। কোনও আধিকারিক সমস্যা দেখতেও আসেননি। সরকারও অন্ধ হয়ে রয়েছে। তাই বাধ্য হয়েই তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বলে দাবি এলাকাবাসীর।