নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারের কোনও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে বিনামূল্যে আবেদনই হোক বা বিদ্যুৎ বিল জমা— নানা প্রয়োজনীয় কাজ করা যায় বাংলা সহায়তা কেন্দ্র থেকে। ২০২০ সালের আগস্ট মাসে চালু হওয়ার পর থেকে পর্যায়ক্রমে মোট ৩১৬টি পরিষেবা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের এই কেন্দ্র থেকে। তবে রাজ্যের এই পরিষেবা সম্পর্কে মানুষকে আরও সচেতন করা দরকার বলেই মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকেই তিনি এই মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন। তাঁর ওই নির্দেশের পর নড়েচড়ে বসে নবান্ন। সূত্রের খবর, ‘বাংলা সহয়তা কেন্দ্র’-কে আরও জনপ্রিয় করে তুলতে আগামী ১৩ এবং ১৪ আগস্ট বিশেষ কর্মসূচি আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। এই দু’দিন বাংলাজুড়ে পালিত হবে ‘দু’দিন, সবার দিন’ শীর্ষক কর্মসূচি। প্রতিটি পঞ্চায়েত এবং পুরসভার প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষকে এক জায়গায় নিয়ে এসে প্রচার চালানো হবে।
কিন্তু ১৩ এবং ১৪ আগস্টকে বেছে নেওয়া হল কেন? রাজ্য প্রশাসন সূত্রে খবর, প্রতি বছর ১৫ আগস্ট বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের ভালো কজের স্বীকৃতি দেওয়া হয়। সেই কারণে তার আগের দু’দিন এই বিশেষ প্রচার অভিযান চললে তার একটা বাড়তি প্রভাবও পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তারা। এই দু’দিন যাঁরা কেন্দ্রগুলিতে আসবেন, তাঁদের বিশেষ ব্যাজ পরিয়ে শুভেচ্ছা জানানোর পরিকল্পনাও গ্রহণ করছে নবান্ন। শীঘ্রই জেলাশাসকদের এনিয়ে চিঠি পাঠানো হবে বলে জানা গিয়েছে।
সেই সঙ্গে বাজার-হাটের মতো জনবহুল এলাকায় বড়সড় হোর্ডিং লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেখানে সমস্ত পরিষেবার কথা বড় বড় অক্ষরে লেখা থাকবে। বর্তমানে রাজ্যে ৩৫৪১টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। আরও ১৪৩১টি কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের। এখনও পর্যন্ত ১৪ কোটি ৬৭ লক্ষ পরিষেবা প্রদান করা হয়েছে এই কেন্দ্রগুলি থেকে। বিদ্যুৎ বিল, স্ট্যাম্প ডিউটি জমা নেওয়ার মতো আর্থিক লেনদেন হয়েছে ৭৭৪ কোটি টাকার।