Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কেন্দ্রীয় প্রকল্পের খরচ না হওয়া টাকা ফেরত পাঠাতে রাজ্যের বিজ্ঞপ্তি

বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে (সেন্ট্রালি স্পনসর্ড স্কিম) খরচ না-হওয়া টাকা ফেরত পাঠাতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থদপ্তর। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নির্দেশ মেনেই এই ব্যবস্থা, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় প্রকল্পের খরচ না হওয়া টাকা ফেরত পাঠাতে রাজ্যের বিজ্ঞপ্তি
  • ১৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে (সেন্ট্রালি স্পনসর্ড স্কিম) খরচ না-হওয়া টাকা ফেরত পাঠাতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য অর্থদপ্তর। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের নির্দেশ মেনেই এই ব্যবস্থা, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির জন্য খোলা বিশেষ এসএনএ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে যে টাকা পড়ে আছে তার কোন অংশ কোথায় কীভাবে  পাঠাতে হবে তাও জানানো হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের প্রদেয় অংশ ‘ভারতকোষ’ পোর্টালের মাধ্যমে কেন্দ্রের কনসোলিডেটেড তহবিলে পাঠাতে হবে। রাজ্য সরকারের দেয় টাকার অংশ জিআরআইপিএস পোর্টালের মাধ্যমে রাজ্যের কনসোলিডেটেড তহবিলে পাঠাতে বলা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির সঙ্গে যুক্ত সিএনএ ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে বলা হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষ শেষ হতেই এই ব্যবস্থা নেওয়া হল বলে মনে করা হচ্ছে। চলতি অর্থবর্ষে বরাদ্দ টাকার ক্ষেত্রে নতুন করে প্রক্রিয়া শুরু হবে। 

Advertisement

মোট ৩৭টি কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের ব্যাপারে কেন্দ্রের নির্দিষ্ট নিয়ম আছে। এই প্রকল্পগুলিতে বরাদ্দ টাকা রাখা এবং খরচের ব্যাপারে বিভিন্ন সময়ে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। প্রতিটি প্রকল্পের জন্য রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে বিশেষ এসএনএ অ্যাকাউন্ট খুলতে হয়। কেন্দ্রীয় প্রকল্পের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রদেয় টাকা ওই অ্যাকাউন্টে জমা পড়ে। প্রতিটি প্রকল্পের জন্য রিজার্ভ ব্যাঙ্কে বিশেষ অ্যাকাউন্ট আছে। সেখান থেকে প্রকল্পভিত্তিক টাকা আসে। কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের উপর নজরদারি রাখতেই এই ব্যবস্থা চালু করেছে কেন্দ্র।

সম্পর্কিত সংবাদ